ধানমণ্ডি মাঠ রক্ষা করে নাগরিকদের বাঁচান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, একজন পরিবেশবাদী হিসাবে আপনি ধানমন্ডি মাঠকে রক্ষা করে নাগরিকদের বাঁচান। তাদের নিঃশ্বাস নেয়ার ব্যবস্থা করুন। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ধানমন্ডি মাঠের অতীত, বর্তমান এবং?’ শীর্ষক সাংবাদিক সম্মেলনে সভাপতির বক্তব্যে আবদুল্লাহ আবু সায়ীদ এ কথা বলেন। ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলন এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, আপনার কাছে অনুরোধ, ধানমন্ডি মাঠটি রক্ষা করবেন। যদি রক্ষা করতে না পারেন তবে আমাদের জন্য তা (মাঠ রক্ষা) কঠিন হয়ে পড়বে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর পরিবারের নাম ব্যবহার করে মাঠটিকে ধ্বংস করা হচ্ছে। শেখ জামালের নাম ব্যবহার করায় কী শেখ জামালের সম্মান বাড়ছে? বঙ্গবন্ধুর পরিবারের নাম ব্যবহার করে কি ব্যবসায় করতেই হবে? অশুভ মানুষ অশুভ উদ্দেশ্যে এই নাম ব্যবহার করছে। সাংবাদিক সম্মেলনে ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলনের ধারাবাহিক কার্যক্রম উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব। তিনি বলেন, মাঠটি অবৈধ দখলদারদের হাত থেকে অবমুক্ত না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।