ডাচদের চূড়ান্ত দল ঘোষণা

গেলবারের রানার্স আপ নেদারল্যান্ড ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। কোচ লুই ফন গল রটারডামে ঘানার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অংশ নেয়ার কয়েক ঘন্টা আগে গতকাল শনিবার দলটি প্রকাশ করেন তিনি। এতে প্রাথমিক দলের ছয়জনকে বাদ দেয়া হয়েছে। ডাচদের চূড়ান্ত দলে আছেন এমন চারজন খেলোয়াড় যারা গেল দুটি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে অংশ নেন। এরা হলেন ডার্ক কায়ুট, আরিয়েন রোবেন, ওয়েসলি স্নাইডার ও রবিন ফন ফার্সি। এছাড়াও আছেন ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলতে যাওয়া নাইজেল ডি জং, ক্লাস-ইয়ান হান্টলিয়ার ও মিশেল ভর্ম। ব্রাজিলে ১২ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘বি’ গ্রুপে স্পেন, অস্ট্রেলিয়া ও চিলির মোকাবেলা করবে নেদারল্যান্ডস। ডাচ দলে একমাত্র বিস্ময় ২০ বছরের সেন্টার ব্যাক টেরেন্স কোনগোলোর ঠাঁই পাওয়া। যদিও গত সপ্তাহে ইকুয়েডোরের বিরুদ্ধে খেলাটিতে তাকে বিরতি সময়ে তুলে নেয়া হয়েছিল। কোচ ভন গল ব্রাজিলগামী দলে রাখেননি পিএসভি আইন্ডহোভেনের গোলরক্ষক জেরোয়েন জোয়েট ও ডাচদের অনূর্ধ্ব ২১ দলের চার খেলোয়াড়কে। এরা অবশ্য গেল সপ্তাহে পর্তুগালে অনুষ্ঠিত অনুশীলন ক্যাম্পে ছিলেন না। বরং প্রস্তুতি নিচ্ছিলেন স্কটল্যান্ডের বিরুদ্ধে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের জন্য। তারপরও বুধবার অনুষ্ঠিত খেলাটিতে হ্যাটট্রিক করায় কুইন্সি প্রোমেস ব্রাজিলগামী দলে ঠাঁই পাবেন বলে ডাচ গণমাধ্যম আশা করেছিল। শেষ পর্যন্ত অবশ্য তা হয়নি। এর আগে পর্তুগালে থাকতেই অভিজ্ঞ মিডফিল্ডার রাফায়েল ফন ডার ইনজুরির কারণে সরে দাঁড়াতে বাধ্য হন। সুপারস্পোর্ট