খারাপেই ভালো দেখছেন রিয়াদ

বছর দেড়েক আগেও পারফরম্যান্সের বিচারে নিঃসন্দেহে দেশের সেরা ক্রিকেটার ছিলেন। সাত নম্বরে ব্যাটিং এবং বদলী বোলার হিসেবে বোলিং করে সে সময়ের পৃথিবীর অন্যতম সেরা পারফরমার ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু সময়টা হঠাত্ করেই বদলে গেছে। ব্যাটে-বলে নিজেকে হারিয়ে খুঁজছেন। সেই সঙ্গে মাঠে এই সময়ে দফায় দফায় নিজের চরিত্রের বিপরীত আচরণ করেও আলোচনায় এসেছেন। একেই বোধহয় ‘খারাপ সময়’ বলে। জাতীয় দলের এই সাবেক সহ-অধিনায়ক মানছেন, সময়টা খারাপ গেছে। আর সেই খারাপ সময়ের মধ্যেও তিনি বরং ইতিবাচকতা খুঁজছেন, ‘খারাপ’ সময়টা একদিক থেকে ভালোই হয়েছে। অনেক কিছু শিখতে পেরেছি, বুঝতে পেরেছি। এর আগে আমি এরকম রাফ পর্যায়ে যাইনি। যেভাবেই হোক হয়েছে। এই জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করছি। যেটা আমার পক্ষে আরো সম্ভব। নেটে আরো সময় দেয়া। অতিরিক্ত ব্যাটিং করা। আশা করি ভালো করতে পারবো।’ দলের একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে শুধু নিজে ভালো করলে তো চলবে না। দল নিয়েও কথা বলতে হবে। আর সেদিক থেকে প্রতিপক্ষ ভারত দল দেখে একটু হলেও আশাবাদী রিয়াদ, ‘ওদের হারাতে হলে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। কিছু প্লেয়ার হয়তো রেস্টে আছেন। ব্যক্তিগত ও দলীয়ভাবে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। কারণ লাস্ট তিন-চারটা ম্যাচ আমরা ভালো করতে পারিনি।’ আবারও নিজের ভালো ফর্মে ফেরার ব্যাপারেও কথা বলতে হল। বিশেষ করে বিসিএলে সেঞ্চুরি পাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটেও আবার নিজেকে ফিরে পাওয়ার আশাই শোনালেন রিয়াদ, ‘এটা ঠিক গত তিন-চার মাস ভালো করতে পারিনি। চেষ্টা করছি। নেটে ব্যাট করছি। কোচের সঙ্গে আলাপ করছি। টিমমেটদের সঙ্গে আলাপ করছি। আশা করি শেষ বিসিএলে যে খেলাটা খেলেছিলাম। সেরকম কিছু করতে পারবো।’