প্র জ ন্মে র ফে স বু ক : শিক্ষক
প্রকাশ : ০১ জুন ২০১৪, ২০:১১
শিক্ষক ডটকমের ফেসবুক পেজ খোলা হয় ২০১২ সালের ১ আগস্ট। শিক্ষক ডটকমের পরিচয় দিতে গিয়ে এখানে বলা হয়েছে, ‘শিক্ষক ডটকম হলো বাংলা ভাষায় মুক্ত জ্ঞানের প্রচার ও প্রসারের জন্য একটি ওয়েব প্লাটফর্ম।’ বর্তমানে এর লাইক সংখ্যা প্রায় ২৫০০০। এর প্রোফাইল এবং কভার ফটোতে একই ছবি দেওয়া আছে। এই ছবির ডানপাশে লেখা, ‘শিক্ষক—বাংলায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা’ এবং বাঁ পাশে অপরাজেয় বাংলার ছবি। ফেসবুক কমিউনিটি হিসেবে এই ফেসবুক পেজটি খোলা হয়েছে। শিক্ষক ডটকম বাংলা ভাষায় মুক্ত জ্ঞানের প্রকাশ ও বিকাশের জন্য একটি ভার্চুয়াল প্লাটফর্ম, যেখানে বাংলা ভাষাভাষী মানুষের জন্য যেকোনো বিষয় বিনামূল্যে শেখার সুযোগ রয়েছে। শিক্ষক ডটকম এমন একটি প্লাটফর্ম, যা পৃথিবীর যেকোনো প্রান্তের শিক্ষার্থী ও গবেষকদের বাংলা ভাষায় একসাথে শেখা ও শেখানোর সুযোগ করে দিয়েছে। এখানে বিভিন্ন বিষয়ের কোর্স করা যায় বাংলা ভাষায়। আছে ভিডিও পাঠ। অনলাইনভিত্তিক এসব কোর্স সবার জন্য উন্মুক্ত। যে কেউ বিনা খরচে এখানে বিভিন্ন বিষয়ে শিখতে পারবেন। এ রকমই তথ্য দেওয়া আছে শিক্ষক ডটকমের ফেসবুক পেজে। এই পেজে প্রতি সপ্তাহে ৪-৫টি নতুন লেকচার আপডেট করা হয় বলে জানালেন প্রতিষ্ঠাতা ড. রাগিব হাসান। তাই ফেসবুকে এই পেজকে লাইক দিলে যে কেউ শিক্ষক ডটকমের কার্যক্রম সম্পর্কে আপডেট থাকতে পারবেন।
শিক্ষক ডটকম ওয়েবসাইটটিতে চালু আছে বিজ্ঞান, বাণিজ্য, সমাজ বিজ্ঞান, ইতিহাস ইত্যাদির ওপর বিভিন্ন ভিডিও পাঠ। কোর্সগুলো কাজে আসবে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের। সিলেবাসের বাইরের বিষয়ের কোর্সও অন্তর্ভুক্ত আছে সাইটটিতে। কোনো শিক্ষার্থী চাইলে নতুন কোনো বিষয়ের ভিডিও কোর্স চালুর অনুরোধও রাখতে পারবেন। কোনো শিক্ষক পাঠদান করতে আগ্রহী হলে যুক্ত হতে পারেন ভার্চুয়াল পাঠশালার সাথে। নিবন্ধন না করেও অনলাইন ক্লাসে অংশ নেওয়ার সুযোগ আছে সাইটটিতে। শিক্ষক ডটকমের সাইটে ছয়টি মেন্যুবার আছে। মেন্যুগুলো হলো নীড়পাতা, কোর্স তালিকা, আমাদের কথা, শিক্ষক টিভি, শিক্ষক হতে চান? এবং অ্যাবাউট আস। নীড়পাতা অর্থ হচ্ছে শিক্ষক ডটকমের মূল পেইজ। কোর্স তালিকাতে আছে বিভিন্ন কোর্সের নাম। মোট ৫৫টি কোর্স আছে শিক্ষক ডটকমে। পরের মেন্যুবারটি হলো আমাদের কথা। এখানে শিক্ষক ডটকম সম্পর্কে সব তথ্য রয়েছে। উদ্দ্যেশ্য ও ভবিষ্যত্ পরিকল্পনা দেওয়া আছে এখানে। পরের মেন্যুবার হচ্ছে শিক্ষক টিভি। দিনরাত ২৪ ঘণ্টা এখানে প্রচার করা হবে শিক্ষক ডটকমের সব শিক্ষামূলক লেকচার। কেউ যদি শিক্ষক ডটকমের শিক্ষক হতে চায় তবে তাকে যেতে হবে পরের মেন্যুতে। পরের মেন্যুতে ইংরেজিতে শিক্ষক ডটকমের নানা তথ্য দেওয়া আছে।