নিম্ন আদালতে মামলা বিচারাধীন ২৩ লাখ
প্রকাশ : ০১ জুন ২০১৪, ২১:৪৮
আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, দেশের নিম্ন আদালতগুলোতে ২৩ লাখ মামলা বিচারাধীন। মামলাজট কমাতে আমরা বিচার ব্যবস্থায় নতুন পদ্ধতি চালু করতে চাই। এসব নতুন পদ্ধতির বিষয়ে বিচারক ও আইনজীবীদের প্রশিক্ষিত করতে আমরা উদ্যোগ নিয়েছি। প্রশিক্ষিত জনবলই কেবল এসব ব্যবস্থার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে পারে। তিনি বলেন, বিচারক নিয়োগের জন্য সময় প্রয়োজন। তাছাড়া, আমাদের আর্থিক সামর্থ্যের কথাও ভাবতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আমরা কেউ চাই না। এ ধরনের কোন কোন্দল থাকলে তা নিরসনে সব রকমের চেষ্টা আমরা করব।
তিনি বলেন, আইনে বিশেষ করে দণ্ডবিধিতে মিথ্যা মামলা দায়েরে শাস্তির বিধান আছে; কিন্তু প্রয়োগ কম। আইনের প্রয়োগ বাড়লে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। রবিবার বিয়াম মিলনায়তনে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের যৌথ উদ্যোগে সিনিয়র সহকারী জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য আয়োজিত মধ্যস্থতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিব আবু আহমেদ জমাদার ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) ওসমান হায়দার বক্তব্য রাখেন।