কমেছে স্বর্ণের দাম

সাড়ে তিন মাস পর স্বর্ণের দাম প্রতি ভরিতে মানভেদে এক হাজার ৫০ টাকা থেকে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমেছে। রবিবার থেকে নতুন মূল্যে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে বিক্রির জন্য স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। সংগঠনটির নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ১৮ ক্যারেটের স্বর্ণে কমেছে এক হাজার ৫০ টাকা। অন্যান্য (২১ ও ২২ ক্যারেট এবং সনাতন পদ্ধতির) স্বর্ণে ভরিতে কমেছে এক হাজার ১৬৬ টাকা। সে হিসেবে সবচেয়ে ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এখন বিক্রি হচ্ছে ৪৭ হাজার ২৩৯ টাকায়। আগে দাম ছিল ৪৮ হাজার ৪০৫ টাকা। ২১ ক্যারেট স্বর্ণ আগে বিক্রি হতো ৪৬ হাজার ২৪৭ টাকা। এখন তা ৪৫ হাজার ৮১ টাকা দরে বিক্রি হচ্ছে। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হচ্ছে ৩৮ হাজার ৬০৮ টাকা দরে। আগে ভরিপ্রতি দাম ছিল ৩৯ হাজার ৬৫৭ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণে ভরিপ্রতি ২৭ হাজার ৪১০ টাকার বদলে এখন ২৬ হাজার ২৪৪ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে রুপার দামও কমে ভরিপ্রতি এক হাজার ২৮৩ টাকার পরিবর্তে এক হাজার ১৬৬ টাকা করে বিক্রি হচ্ছে।