রোনালদো নির্ভরশীলতায় ভীত নন বেন্তো
প্রকাশ : ০১ জুন ২০১৪, ২২:৩৫
বিশ্বকাপের আগে ইউরোপের মাটিতে সর্বশেষ প্রীতি ম্যাচে গ্রীসের সঙ্গে গোলশূন্য ড্র করার পর আবারও প্রশ্ন উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর উপর পর্তুগালের অতিরিক্ত নির্ভরশীলতা নিয়ে। আর সমালোচকদের এই মন্তব্যের বিপরীতে ইতিবাচক জবাব দিয়ে সবাইকে অনেকটা চমকেই দিয়েছেন পর্তুগাল কোচ পাওলো বেন্তো। রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ক্লাব যদি রোনালদোর উপর নির্ভর করতে পারে, তবে পর্তুগাল কেন নয়; উল্টো এমন প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন তিনি।
রিয়ালের হয়ে গত মৌসুমের শেষ দিকে উরুর চোটের শিকার হওয়া রোনালদোর শঙ্কা ছিল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলা নিয়ে। তবে নিজের দেশে সেই ফাইনালে খেলতে পারলেও জাতীয় দলের জার্সি গায়ে এখনও নিয়মিত অনুশীলন শুরু করতে পারেননি ফিফা ব্যালন ডি’অর জেতা এই তারকা। ফরে বিশ্বকাপে পুরোপুরি ফিট রোনালদোকে পেতে গ্রীসের বিরুদ্ধে প্রীতি ম্যাচে তাকে বিশ্রামে রাখারই সিদ্ধান্ত নেন বেন্তো। যদিও সাইড বেঞ্চে বসে ম্যাচের পুরো সময়ই সতীর্থদের উত্সাহ যুগিয়ে গেছেন তিনি। তবে সেটা খুব বেশি কাজে আসেনি। তুলনামূলক বিচারে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। ফলে রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগাল দুর্বলতা নিয়েও জেগেছে প্রশ্ন।
আর এই দুর্বলতাকে স্বীকার করে নিয়ে এটাকে স্বাভাবিক একটা ব্যাপার বলেই মন্তব্য করেছেন বেন্তো। রোনালদোর সাবেক এবং বর্তমান দুই ক্লাব ইউনাইটেড এবং রিয়ালের উদাহরণ মনে করিয়ে দিয়ে এই কোচ বলেন, ‘এটা ঠিক যে আমাদের দলে কেউ থাকুক বা না থাকুক, প্রতিযোগিতায় আমাদের নামতেই হবে। তবে এটাও ঠিক, জাতীয় দল, রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড যেই দলই হোক না কেন; রোনালদোর মতো একজন খেলোয়াড় থাকলে তারা বাড়তি একটা শক্তিই অনুভব করবে।’
রিয়াল-ইউনাইটেডের মতো দল যেখানে বিশ্বখ্যাত সব তারকার ছড়াছড়ি, তারাই যদি রোনালদোর উপর নির্ভর করতে পারে সেখানে, পর্তুগালের এই রোনালদো নির্ভরতায় কোন সমস্যা দেখছেন না বলেও জানান ৪৪ বছর বয়সী এই কোচ, ‘যে দলে সে প্রতিদিন অনুশীলন করে তারাই যদি তাকে ছাড়া খেলার কথা চিন্তা করতে না পারে, তাহলে আমাদের দলে তার প্রচুর প্রভাব সেটা আমাদের স্বীকার করতে দোষ কোথায়? তবে যখন সে আমাদের সাথে থাকছে না, তখন তাকে ছাড়া কিভাবে সেরা খেলাটা খেলা যায় সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।’
বিশ্বকাপে জি গ্রুপে পর্তুগালের সাথে আছে ঘানা, যুক্তরাষ্ট্র এবং জার্মানি। ১৬ জুন সালভাদরে জার্মানির বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পর্তুগালের বিশ্বকাপ অভিযাত্রা। —ওয়েবসাইট