রিবেরিকে নিয়ে চিন্তিত নয় ফ্রান্স
প্রকাশ : ০১ জুন ২০১৪, ২২:৩৭
ফ্রান্স উইঙ্গার ফ্রাংক রিবেরি পিঠের ব্যথা নিয়ে সমস্যায় থাকলেও বিশ্বকাপ শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নোয়েল লি গ্রায়েট। কোচ দিদিয়ের দেশ্যাম আরো খানিকটা এগিয়ে গিয়ে জানান, জ্যামাইকার বিরুদ্ধে বিশ্বকাপ পূর্ব শেষ প্রস্তুতি ম্যাচে তাকে পেতে চান তিনি। ইতালির কাছে ২০০৬ বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি শটে হেরে যাওয়া ফ্রান্স দলের এ খেলোয়াড় গত সপ্তাহে নরওয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারেননি। ফ্রান্স খেলাটিতে ৪-০ গোলে জয়ী হয়। এমনকি গতকাল রবিবার রাতে খেলাটিতেও অংশ নিতে পারেননি ৩৬ বছর বয়সী খেলোয়াড়টি।
ফরাসি ফুটবল প্রধান জানান, শনিবার প্যারিসে একটি হাসপাতালে পরীক্ষা করার পর ডাক্তাররা রিবেরিকে খেলার ছাড়পত্র দিয়েছেন এবং তিনি ফ্রান্স দলের সঙ্গে নিস এ যাওয়ার কথা। প্যারিসে ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা শেষে গ্রায়েট বলেন, ‘ফরাসি দলে রিবেরি আছে। খুব শিগগিরই তিনি অনুশীলন শুরু করবেন। ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে, বিশ্বকাপ খেলতে না পারার কোন ভয় নেই।’
দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়া ফরাসি দলটির সদস্য রিবেরির সমস্যা আরো গুরুতর ভাবা হয়েছিল বলে স্বীকার করেন লি গ্রায়েট। তিনি বলেন, ‘পিঠে ব্যথা অনুভূত হওয়ায় সে কিছুটা অস্বস্তি বোধ করছিল। তবে ভয়ের কিছু নেই। আগামী সপ্তাহেই সে অনুশীলন শুরু করতে পারবে।’
ফ্রান্স ৮ জুন লিলে শহরে জ্যামাইকার বিরুদ্ধে বিশ্বকাপ পূর্ব শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। ব্রাজিল বিশ্বকাপে কোচ দেশ্যামের দল ‘ই’ গ্রুপে হন্ডুরাসের বিরুদ্ধে খেলে শিরোপা জয়ের অভিযান শুরু করবে। এরপর গ্রুপের অপর দুই খেলায় তারা মুখোমুখি হবে ইকুয়েডর ও সুইজারল্যান্ডের। -বাসস/এএফপি