সিরাজগঞ্জে বিদ্যুত্ বিপর্যয়
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৪ জুন ২০১৪, ২১:০৮
ভয়াবহ বিদ্যুত্ বিপর্যয়ে সিরাজগঞ্জ পল্লীবিদ্যুত্ সমিতির (সিপবিস) কমান্ড এরিয়ার প্রায় ১০ লাখ লোক ৮ ঘন্টা ছিল অন্ধকারে। বিপর্যয়ে মঙ্গলবার রাত ৮টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত টানা বিদ্যুিবহীন অবস্থায় চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী। কল-কারখানার উত্পাদন বন্ধ হওয়াসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। রাতভর দুঃসহ গরমে অতিষ্ঠ লোকজন ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। বিদ্যুত্ সরবরাহ সিস্টেমের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ৩৩ বছরের পুরাতন হওয়ার কারণে এর কার্যক্ষমতা এতটাই কমে গেছে যে মাঝে মধ্যেই এ ধরনের বিপর্যয় ঘটছে। স্বাভাবিক জীবনযাত্রায় চরম দুর্ভোগের সৃষ্টি হওয়াসহ শিল্প ও বাণিজ্যিক খাতে ফি বছর কোটি কোটি টাকার লোকসান হচ্ছে।
সিপবিসের ডিজিএম মোঃ নিয়াজউদ্দিন জানান- গ্রিড সাব-স্টেশনের বাইপাস সুইচের পোস্ট ইনস্যুলেটর ও এয়ার ব্রেকার সুইচ পুড়ে গিয়ে হঠাত্ রাত ৮টার দিকে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। সাথে সাথে সিপবিসের প্রকৌশলী ও টেকনিশিয়ানরা ঘটনাস্থলে যান। তারা এয়ার ব্রেকার মেরামত করেন এবং পুড়ে যাওয়া পোস্ট ইনস্যুলেটর রাতেই হেড অফিস থেকে সংগ্রহ করে ৮ ঘন্টা কাজ করে ভোর ৪টায় বিদ্যুত্ সরবরাহ চালু করেন।