কাহালু-বগুড়া সংযোগ সড়কে কালভার্ট ভেঙ্গে ট্রাক খাদে
প্রকাশ : ০৪ জুন ২০১৪, ২১:৩৭
কাহালু-বগুড়া সংযোগ সড়কের একটি কালভার্ট সম্প্রতি ভেঙ্গে গেলে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে এ সড়ক দিয়ে যান চলাচল করতে হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগের আওতায় কাহালু-বগুড়ার সংযোগ সড়কটি জেলা সদরের সাথে এক দ্রুত যোগাযোগের একটি অন্যতম মাধ্যম। প্রতিদিন এ সড়কে শত শত হালকা ও ভারি যানবাহন চলাচল করে থাকে।
মাল বোঝাই একটি ট্রাক কালভার্টের উপর উঠার সাথে সাথে কালভার্টের উত্তর পাশের বেশ কিছু অংশ ভেঙ্গে পড়ে এবং একই সাথে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। তবে এ ঘটনায় ট্রাকের কেউ হতাহত না হলেও বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে এ সড়কে যান চলাচল করছে।
কাহালু-বগুড়া সংযোগ সড়কটি অপ্রশস্ত হবার কারণে এ সড়কে ভারি কোন যান চলাচল নিষিদ্ধ থাকলেও তা এখন মানা হচ্ছে না। প্রতিদিন অধিক মালামাল নিয়ে বড় বড় ট্রাকগুলো এ সংযোগ সড়ক দিয়ে যাতায়াত করছে।