সেমিতে জোকোভিচ-শারাপোভা
রেকর্ড গড়ে শেষ চারে বুচার্ড
প্রকাশ : ০৪ জুন ২০১৪, ২২:২০
নোভাক জোকোভিচ ও মারিয়া শারাপোভা তাদের অপ্রতিরোধ্য রূপ অব্যাহত রাখলেন কোয়ার্টার ফাইনালেও। কানাডার মিলোস রাওনিককে হারিয়ে শেষ চারে পা রেখেছেন জোকোভিচ, যেখানে তার প্রতিপক্ষ ‘অঘটন বিশেষজ্ঞ’ আর্নেস্ট গুলবিস। অন্যদিকে মহিলা এককে শারাপোভার পাশাপাশি প্রথম কানাডিয়ান নারী হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করেছেন ইউজিন বুচার্ড। আজই ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবেন দু’জন।
সেরেনা উইলিয়ামসকে ছিটকে দেয়া ‘জায়ান্ট কিলার’ গারবাইন মুগুরুজা গত মঙ্গলবার রাতেও অঘটন ঘটিয়ে ফেলেছিলেন প্রায়। গারবিনার চ্যালেঞ্জ সামলাতে তিন সেটই লড়তে হয় শারাপোভাকে। মাত্র ২৭ মিনিটে রাশিয়ান প্রতিপক্ষকে প্রথম সেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয় সেটেও মুগুরুজা এগিয়ে যান ৫-২ গেমে। একটিমাত্র পয়েন্ট খোয়ালেই হার, এমন অবস্থা থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ান শারাপোভা। আক্রমণ আর কৌশলে ২০ বছর বয়সী প্রতিপক্ষকে শেষ পর্যন্ত ১-৬, ৭-৫, ৬-১ গেমে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন এই রাশিয়ান গ্ল্যামার কুইন। গত বছর ফরাসি ওপেনের ফাইনালে শারাপোভা হেরে গিয়েছিলেন সেরেনা উইলিয়ামসের কাছে। মার্কিন তারকা এবার আগেই ছিটকে যাওয়ায় ফাইনালের পথ কি পরিষ্কার মনে হচ্ছে? ম্যাচের পর রুশ তারকা বলেন, ‘গত বছর ফাইনালে হারার পর এবার বাড়তি প্রেরণা নিয়ে নেমেছি। (আমাকে) আরও এগোতে হবে। তবে এটা ঠিক যে, সেমিফাইনালে উঠে দারুণ লাগছে।’
ফাইনালের পথে শারাপোভার সামনে এখন কানাডার অষ্টাদশ বাছাই বুচার্ডের চ্যালেঞ্জ। প্রথম কানাডিয়ান নারী হিসাবে রোলা গ্যারোর শেষ চারে উঠে এই রাতেই ইতিহাস গড়েন তিনি। রাতের অপর কোয়ার্টার ফাইনালে এই তারকা তিন সেটের লড়াইয়ে ৭-৬ (৪), ২-৬, ৭-৫ হারান ১৪ নম্বর বাছাই স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে।
পুরুষ এককে শেষ চারে উঠেছেন নোভাক জকোভিচ। দ্বিতীয় বাছাই সার্বিয়ান তারকা ৭-৫, ৭-৬ (৫), ৬-৪ হারান কানাডার মিলোস রাওনিচকে। জোকারের সামনে সেমিফাইনালে ‘অঘটন বিশেষজ্ঞ’ আর্নেস্ট গুলবিস। রজার ফেদেরারের পর লাটভিয়ার ১৮তম বাছাই গত বুধবার রাতে ৬-৩, ৬-২, ৬-৪ হারান ষষ্ঠ বাছাই টমাস বার্ডিচকে।
অন্য দুটি কোয়ার্টার ফাইনালে গতকাল রাতেই মুখোমুখি হবার কথা ছিল গায়েল মনফিলস-অ্যান্ডি মারে ও রাফায়েল নাদাল-ডেভিড ফেরারের।
এদিকে সু সিয়ে আর শুই পেংয়ের কাছে হেরে শেষ আট থেকেই বিদায় নিতে হয়েছে ভারতীয় সেনসেশন সানিয়া মির্জা ও কারা ব্ল্যাক জুটিকে। তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই জুটিকে ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে শেষ হাসি হাসেন সু সিয়ে আর শুই পেং। এই নিয়ে চলতি মৌসুমে তৃতীয়বার এই জুটির কাছে হারতে হলো ইন্দো-জিম্বাবুয়ে জুটিকে। ইন্ডিয়ান ওয়েলসের ফাইনাল আর মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে একই জুটির কাছে হেরেছিলেন তারা। ওয়েবসাইট।