আরো চান স্কোলারি
প্রকাশ : ০৪ জুন ২০১৪, ২২:২১
ব্রাজিল বিশ্বকাপ পূর্ব প্রস্তুতি ম্যাচে পানামার বিরুদ্ধে অনায়াস জয় পেলেও দলটির কোচ লুই ফিলিপে স্কোলারি মনে করেন তাদের আরো ভাল করতে হবে। বিশেষ করে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের উদ্বোধনী খেলাটিতে মাঠে নামার আগে।
নিজেদের মাঠে ব্রাজিল তাদের তুলনায় দুর্বল পানামার সাথে শুরুতে ভাল করতে পারেনি। কিন্তু ২৭ মিনিটে নেইমারের গোলের পর ছন্দ খুঁজে পায় সেলেচাও নামে খ্যাত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেইমার ছাড়াও খেলাটিতে গোল করেন দানি আলভেজ, হাল্ক ও বদলি খেলোয়াড় উইলিয়ান।
ব্রাজিল কোচ স্কোলারি খেলাটি শেষ হওয়ার পর উদ্বোধনী ম্যাচের প্রসঙ্গ ধরে রিপোর্টারদের বলেন, ‘এখনো আমাদের হাতে দেড় সপ্তাহ আছে। সে ম্যাচ পর্যন্ত যাওয়ার ভাল পথ আছে। কিন্তু শান্ত থাকুন, আমরা সেখানে যাবো। আজকের দিনটা তুলনামূলকভাবে ভাল ছিল। কিন্তু আমি এখনো আরো অনেক কিছু চাই। আমাদের মানিয়ে নিতে কিছুটা সমস্যা হয়েছিল। খেলার প্রথম ২০ মিনিটে এমনটা হয়েছিল। ভাল একটা দলের বিরুদ্ধে ব্যাপারটা আরো কঠিন হতে পারতো।’
তিনি আরো বলেন,‘আমাকে যদি এক অর্ধ বেছে নিতে বলা হয় তাহলে আমি দ্বিতীয়টি নেব। ওই অর্ধে আমাদের নড়াচড়া বেশি ছিল, বল দখলে ছিল বেশি এবং অনেক বেশি ক্ষিপ্র ছিলাম। আমি প্রথমার্ধের শেষ ভাগ ও দ্বিতীয়ার্ধের খেলা পছন্দ করেছি।’
নেইমারের প্রশংসা করেন ব্রাজিল কোচ স্কোলারি। বার্সেলোনা ফরোয়ার্ডটি ছিলেন এই খেলার অন্যতম সেরা নৈপুণ্য দেখানো খেলোয়াড়দের একজন। আক্রমণভাগের ২২ বছর বয়সী খেলোয়াড়টি নিজে গোল করা ছাড়াও আরো দুই গোলে অবদান রাখেন।
স্কোলারি তার সুপারস্টারটি সম্পর্কে বলেন, ‘নেইমার ভাল একজন অ্যাথলিট যে কিনা প্রতিদিন বৈচিত্র্যময় কিছু করে থাকে। সে অনেক কিছুতেই অভিনবত্ব আনে। সে খুব দ্রুত গতি সম্পন্ন, তত্পর। যে কোন কোচই তার সম্পর্কে কথা বলতে চাইবে।’
চলতি মৌসুমে প্রথমবারের মতো ইউরোপে খেলতে গিয়ে দুবার ইনজুরিতে পড়া নেইমারকে ফর্মে ফেরাতে সার্বিয়ার বিরুদ্ধে আগামীকাল শুক্রবারের প্রস্তুতি ম্যাচটিতেও খেলাবেন তিনি। পানামার খেলোয়াড়রা গত মঙ্গলবার রাতের খেলাটির পর নেইমারকে ঘিরে ধরেছিল ছবি তোলার জন্য। কিন্তু খেলা চলাকালে তারা তাকে রেহাই দেয়নি। এ প্রসঙ্গে স্কোলারি তার তরুণ খেলোয়াড়টিকে সাবধান করে দেন কোন রকমের ইনজুরিতে পড়ার জন্য। ব্রাজিলকে ২০০২ সালের বিশ্বকাপ জেতানো স্কোলারি বলেন, ‘আমরা সেদিকটার কথাও খেয়াল রেখেছি। বিপক্ষ যদি তাকে প্ররোচিত করার চেষ্টা চালায়, সে কোন প্রতিক্রিয়া দেখাতে পারবে না। এটা রেফারির ব্যবস্থা নেয়ার বিষয়।’