চট্টগ্রামের কারাগারে কয়েদীর আত্মহত্যা
প্রকাশ : ০৪ জুন ২০১৪, ২২:৪৬
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গলায় গামছা পেঁচিয়ে এক কয়েদি আত্মহত্যা করেছেন। তার নাম মো. জাকির হোসেন (৩৫)। কারাসূত্র জানায়, গত মঙ্গলবার রাত আটটায় জাকির গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে প্রথমে কারা হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে চমেক হাসপাতালে নেয়ার পর চিকিত্সাধীন অবস্থায় রাত নয়টায় তিনি মারা যান। ময়না তদন্তের পর গতকাল বুধবার দুপুরে জাকিরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় কারাগারের দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত এবং দুই প্রধান কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া কারারক্ষীরা হলেন জিয়াবুল ইসলাম ও শহিদুল ইসলাম। এছাড়া আবদুর রশিদ ও মো. হাসান নামে দুই প্রধান কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. সগীর মিয়া গতকাল ইত্তেফাককে জানান, দায়িত্বে অবহেলার জন্য এই চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া কারা চিকিত্সক ডা. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বল্পতম সময়ে এই কমিটি প্রতিবেদন জমা দেবে। কারাসূত্র জানায়, মৃত জাকিরের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা এলাকায়। তিনি কর্ণফুলী থানায় দায়ের করা একটি অপহরণ মামলায় ১৪ বছর কারাদণ্ডপ্রাপ্ত হয়ে চট্টগ্রাম কারাগারে ছিলেন।