অবশেষে সরিয়ে ফেলা হলো স্বয়ংক্রিয় প্রতিরোধ যন্ত্র
প্রকাশ : ০৪ জুন ২০১৪, ২২:৪৭
অবশেষে পরীক্ষামূলকভাবে স্থাপিত উল্টোপথে যানবাহন চলাচল ঠেকানোর স্বয়ংক্রিয় প্রতিরোধযন্ত্র ১২ দিন পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ সরিয়ে ফেলেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে পুলিশ হেয়ার রোড থেকে এই স্বয়ংক্রিয় প্রতিরোধ যন্ত্র উঠিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, পরীক্ষামূলকভাবে যন্ত্রটি স্থাপন করা হয়েছিল। এর বিভিন্ন ত্রুটি বিচ্যুতি শনাক্ত করার পর যন্ত্রটি আরো শক্তিশালী করার পরামর্শ দেয়া হয়েছে। নতুন করে নির্মিত যন্ত্রটি আবারও স্থাপন করা হবে। গত ২৩ মে রাজধানীর হেয়ার রোডে পরীক্ষামূলকভাবে এ যন্ত্রটি বসিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার।
এটি স্থাপন করার পর সবচেয়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হয় গত ৩০ মে খুলনা থেকে আগত মুমূর্ষু রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স। সন্ধ্যায় যানজটে আটকে যাওয়ার পর অ্যাম্বুলেন্সটি হেয়ার রোডে বিপরীত দিক দিয়ে যাওয়ার সময় স্বয়ংক্রিয় প্রতিরোধক যন্ত্রে গাড়ির চাকা ছিদ্র হয়ে যায়। পরে আম্বুলেন্স থেকে রোগী ফুটপাতে নামিয়ে আনা হয়। ৬ ঘণ্টা পর আরেকটি অ্যাম্বুলেন্সে করে রোগীকে হাসপাতালে নেয়া হয়। যন্ত্রটি স্থাপনের পর উল্টো পথে ট্রাক চলাচলের সময় এর বেশিরভাগ স্পাইক (কাঁটা) ভেঙ্গে যায়। গত ১ জুন সন্ধ্যায় এক মন্ত্রীর গাড়ি উল্টোপথে যাওয়ার সময় তার গাড়ির চাকা ছিদ্র হয়ে যায়। বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠকেও আলোচনা হয়।