ফেনীতে যুবলীগ নেতা খুন
ফেনী প্রতিনিধি ও পরশুরাম সংবাদদাতা
প্রকাশ : ০৪ জুন ২০১৪, ২২:৫৩
এবার ফেনীতে এক যুবলীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি জসিম উদ্দিনকে (২৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্ত মাখা দা উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে উপজেলার আদর্শ গ্রামে বাড়ির অদূরে দারোগার দীঘির পাড়ে আড্ডা দিচ্ছিলেন জসিম। এসময় হঠাত্ ২০/২৫ জন লোক সেখানে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। এসময় জসিমের সাথে থাকা আহসান উল্লাহ সুমন (২৫) দৌড়ে পালিয়ে যায়। তাকে এলাকাবাসী ধরে গণধোলাই দেয়। পরে দুর্বৃত্তরা গুলি ছুঁড়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। আহত জসিম ও সুমনকে দ্রুত সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার জসিমকে মৃত ঘোষণা করেন।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. সালেহ জানান, বেশ কিছুদিন থেকে চরদরবেশ মাছের বাজারের একটি আড়তের দখল নিয়ে জসিম উদ্দিনের সাথে হামলাকারীদের বিরোধ চলছিল। এই বিরোধ ও আধিপত্যের জের ধরেই এই খুনের ঘটনা ঘটতে পারে। নিহত জসিম উদ্দিনের বিরুদ্ধে সোনাগাজী থানায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে তিনি জানান।
জসিম উদ্দিনের লাশ ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে। এ ঘটনায় তার পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।