জিয়ার সঙ্গে বঙ্গবন্ধুর হত্যাকারীরা কয়েক দফা বৈঠক করে

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার আগে ও পরে খুনীদের সাথে জিয়ার কয়েক দফা বৈঠক হয়। জিয়ার গ্রিন সিগনাল নিয়েই খুনী ফারুকরা বঙ্গবন্ধুকে হত্যা করে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে দেশরত্ন সেবক পরিষদ আয়োজিত প্রাথমিক শিক্ষায় ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সফলতা, প্রেক্ষাপট ও চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কামরুল ইসলাম বলেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার হোক বিএনপি তা চায় না। কারণ ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে জিয়া হত্যাকাণ্ডের পরদিন থানায় ১০ জনের বিরুদ্ধে এজাহার হয়। দীর্ঘদিন মামলার তদন্ত চাপা পড়েছিল। এমনকি ১৯৯১ সালে খালেদা জিয়া ক্ষমতায় এসেও এ মামলার বিচারের কোন উদ্যোগ নেননি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এ মামলার তদন্ত সিআইডি পুলিশের হাতে ন্যস্ত করে। কিন্তু মামলার তদন্তের ব্যাপারে বিএনপি পক্ষ থেকে সিআইডি পুলিশকে কোন সহায়তা করা হয়নি। তিনি বলেন, বেগম জিয়া ২০০১ সালে দ্বিতীয় দফা ক্ষমতায় আসার পর সিআইডি পুলিশ কোর্টে জিয়া হত্যা মামলায় চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। এরপরও স্ত্রী হিসেবে খালেদা জিয়া এই চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে আদালতে কোন না-রাজি কিংবা অধিকতর তদন্তের দাবি করেননি। এতে প্রমাণিত হয় স্বামী হত্যার বিচার হোক খালেদা জিয়া তা চান না। সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।