চ্যাটিং, ভিডিও চ্যাটিংয়ের দেশীয় প্ল্যাটফর্ম ‘লক্ষ্মী’
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২০:০৯
সদস্যসমাপ্ত ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪-এ র্যাশনাল টেকনোলজিস লিমিটেড অবমুক্ত করেছে তাদের নতুন দুই সফটওয়্যার—‘লক্ষ্মী’ ও ‘সাক্ষী’। স্কাইপ, ভাইবার, উইচ্যাটের মতো জনপ্রিয় সব অনলাইন প্ল্যাটফর্মের দেশীয় বিকল্প হিসেবে র্যাশনাল টেকনোলজিস তৈরি করেছে ‘লক্ষ্মী’ প্ল্যাটফর্মটি। অন্যদিকে বাণিজ্যিক প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণ ও মনিটরিংয়ের জন্য তারা তৈরি করেছে ‘সাক্ষী’ সফটওয়্যারটি। ডিজিটাল ওয়ার্ল্ডের এবারের আয়োজনের প্রথম দিনেই যাত্রা শুরু করে এই দুই সফটওয়্যার। লক্ষ্মী (lokkhi.io) একটি বিনামূল্যের ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারী অন্যদের সঙ্গে ভিডিও, অডিও এবং চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি একইসাথে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট কিংবা পিডিএফ ফাইল সম্পাদনা বা এডিটের কাজটিও করা যাবে। চ্যাটিং বা ভিডিও চ্যাটিং চলাকালেই একাধিক ব্যক্তি একসাথে এসব ফাইল নিয়ে কাজ করার সুযোগ পাবেন। এর বাইরেও অডিও বা ভিডিও ফাইল এবং ইউটিউবও ব্যবহার করতে পারবেন লক্ষ্মীর ব্যবহারকারীরা। মোবাইল ফোন, ট্যাবলেট পিসি ও কম্পিউটারে বাড়তি কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই এই ওয়েবসাইট ও তার সেবা ব্যবহার করা যাবে। এমনকি বাড়তি কোনো প্লাগইন ও লগইন করারও প্রয়োজন নেই এটি ব্যবহার করার জন্য। তবে ডাটা নিরাপত্তার পূর্ণাঙ্গ সুবিধা রয়েছে এখানে। অন্যদিকে ‘সাক্ষী’ মূলত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোবে তথ্য সংরক্ষণ এবং মনিটরিংয়ের জন্য তৈরি করা হয়েছে। এটি গ্রাহকের চাহিদা অনুযায়ী পরিবর্তন, পরিবর্ধন ও ডেটা সংরক্ষণ করতে পারে। এই সফটওয়্যারের আরেকটি অন্যতম সুবিধা হলো এটি মেটাডেটা সংগ্রহের মাধ্যমে পরিচালিত হয়।