নাটোরের সিংড়ায় ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক, বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ (৫২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। তিনি ইটালী গ্রামের আলহাজ্ব আবুল কাসেমের পুত্র।
বৃহস্পতিবার সকালে ইটালী স্কুল মাঠের পাশে আম গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পরিবার সূত্র জানায়, আবুল কালাম আজাদ খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার বিরুদ্ধে কোনো মামলা বা জমি-জমা নিয়ে কারো সঙ্গে কোন বিরোধ ছিল না।
সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল আলম জানান, কি কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মীর আসাদুজ্জামান, ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেদার হায়াত।
ইত্তেফাক/কেআই