অচেতনে চেতন
প্রকাশ : ০৮ জুন ২০১৪, ২০:৪৯
আঁলিয়স ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হলো তরুণ শিল্পী আবদুল গাফ্ফার বাবুর প্রথম একক চিত্র প্রদর্শনী। ‘আনকনশাসলি কনশাস’ বা ‘অচেতনে চেতন’ শিরোনামে তার প্রথম একক চিত্র প্রদর্শনী নিয়ে আমাদের এবারের আয়োজন
যাপিত জীবনের সব অভিজ্ঞতাই কি হারিয়ে যায় কালের অতলে? নাকি আমাদের অচেতনেই মনের গহন কোনো কোণে থেকে যায় সেসব। অভিজ্ঞতার সেই চেতন আবার কি ফিরেও আসে ভিন্ন কোনো সময়ে, ভিন্ন কোনো বাস্তবতায়! ঘুমের মধ্যে দেখা-অদেখার স্বপ্ন-জগতের তেমন বাস্তবতাকেই যেন নির্মাণ করতে চেয়েছেন তরুণ শিল্পী আবদুল গাফফার। ‘আনকনশাসলি কনশাস’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী। মানুষের অবচেতন মনের ভাবনা প্রভাবিত করে শিল্পী আবদুল গাফ্ফার বাবুর স্বপ্নকে। তাইতো সচেতনভাবে অবচেতন মনের ভাবনাকে শিল্পী চিত্রিত করেছেন তার চিত্রকর্মে। মানুষের মনের গভীরের অনুভূতিগুলো শিল্পীর আঁকা ছবিতে উঠে এসেছে মানব প্রতিকৃতি, কাগজের বিমান, মাছ কিংবা পাখির রূপে। আর এ প্রদর্শনীতে অ্যাক্রেলিক ও মিশ্র মাধ্যমে স্থান পেয়েছে প্রায় ৫০টি চিত্রকর্ম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং চিত্র সমালোচক ডেপার্ট সম্পাদক মোস্তফা জামান। স্বপ্নের পাশবিক ও নিষ্পাপ অনুভূতিকে শিল্পী তুঁলে এনেছেন ক্যানভাসে, যা কোথাও স্পষ্ট, কোথাও আর অস্পষ্ট। প্রদর্শনীটি চলবে ১৮ জুন পর্যন্ত।