স্যাটেলাইট নির্মাতা স্কাইবক্সকে কিনে নিল গুগল

ড্রোনের পর স্যাটেলাইটের মাধ্যমে গুগল এবং ফেসবুকের ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আরও আগেই প্রকাশ হয়ে পড়েছে। স্যাটেলাইট নির্মাতা স্কাইবক্সকে কিনে নেওয়ার মাধ্যমে সেই পরিকল্পনার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল গুগল। ৫০০ মিলিয়ন ডলারে এই স্যাটেলাইট নির্মাতাকে সম্প্রতি কিনে নিয়েছে গুগল। এসব স্যাটেলাইট ব্যবহার করে ভূ-পৃষ্ঠের বিভিন্ন ছবি তোলার পাশাপাশি পৃথিবীর যেসব এলাকায় এখনও ইন্টারনেট পৌঁছেনি, সেসব এলাকাতেও ছড়িয়ে দেওয়া হবে ইন্টারনেট। গত মঙ্গলবার স্কাইবক্সকে কিনে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে গুগল। স্কাইবক্সের স্যাটেলাইটগুলো গুগল পাঠিয়ে দেবে পৃথিবীর কক্ষপথে। ডিজিটালগ্লোব বা অ্যাস্ট্রিয়ামের মতো অন্যান্য স্যাটেলাইট কোম্পানির কাছ থেকে গুগল এর আগেও স্যাটেলাইট সংক্রান্ত প্যাটেন্ট কিনে রেখেছে। এসব প্যাটেন্ট এবারে নিজেদের কিনে নেওয়া স্যাটেলাইটগুলোতে ব্যবহার করবে গুগল। এর আগে গুগল সর্বপ্রথম প্রজেক্ট লুনের মাধ্যমে বেলুন ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার কাজটি শুরু করে। পরে তারা একই উদ্দেশ্যে ড্রোন নির্মাতাকে কিনে নেয়। সর্বশেষ এবারে তারা স্যাটেলাইটের দ্বারস্থ হয়েছে।