পিসির সুরক্ষায় ম্যালওয়্যারবাইটসের নতুন সফটওয়্যার
প্রকাশ : ১২ জুন ২০১৪, ২০:২০
নতুন নতুন ভাইরাস, ম্যালওয়্যারের আক্রমণে সবসময় তটস্থ থাকতে হয় নিরাপত্তা বিশ্লেষকদের। এই কারণেই সবসময় পিসির নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সব সফটওয়্যারের আপডেট করতে হয় নিয়মিত। বিশ্বস্ত অ্যান্টিভাইরাস ও অ্যান্টিম্যালওয়্যারগুলোর সর্বশেষ সংস্করণগুলো সাধারণত সব ধরনের আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে থাকে। তবে ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যারের বাইরেও অনেক ক্ষতিকর উপাদানই থাকে, যেগুলো সরাসরি অ্যান্টিভাইরাস শনাক্ত করতে পারে না। বিশেষ করে ওয়েব ব্রাউজার, পিডিএফ ফাইল বা অন্যান্য ডক্যুমেন্টের সাথে যেসব ক্ষতিকর উপাদান চলে আসে, এগুলোকে প্রতিরোধ করার জন্য দরকার হয় বাড়তি সতর্কতা। এই দিক মাথায় রেখেই এবারে নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা ম্যালওয়্যারবাইটস নিয়ে এসেছে নতুন সফটওয়্যার ‘অ্যান্টি-এক্সপ্লয়েট’। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিভিন্ন সংস্করণের জন্য তৈরি করা হয়েছে এই নিরাপত্তা সফটওয়্যারটি। ওয়েব ব্রাউজার থেকে শুরু করে পিডিএফ রিডার, মাল্টিমিডিয়া প্লেয়ার এবং এমনকি মাইক্রোসফট অফিস সফটওয়্যার স্যুটের জন্যও সুরক্ষা নিশ্চিত করবে ‘অ্যান্টি-এক্সপ্লয়েট’। ম্যালওয়্যারবাইটসের সিইও মারসিন ক্লেশিনস্কি তাদের এই নিরাপত্তা সফটওয়্যার সম্পর্কে বলেন, ‘এখন নিরাপত্তা নিয়ে ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলোও সচেতন এবং তারা নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর টুলস খুঁজে বের করতে আগ্রহী। তাদের জন্যই আমরা ‘অ্যান্টি-এক্সপ্লয়েট’ তৈরি করেছি।’ কম্পিউটারের বিভিন্ন ধরনের ডক্যুমেন্ট ফাইলের মাধ্যমে যেসব ক্ষতিকর উপাদান হাজির হয়, সেগুলোর প্রতিরোধেই এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। দীর্ঘদিনের গবেষণায় এর কার্যকারিতা নিয়ে সন্তুষ্ট ম্যালওয়্যারবাইটস। এর বিনামূল্যের সংস্করণের পাশাপাশি প্রিমিয়াম সংস্করণও রয়েছে। www.malwarebytes.org/antiexploit সাইট থেকে ডাউনলোড করা যাবে ম্যালওয়্যারবাইটসের অ্যান্টি-এক্সপ্লয়েট।