নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে আইএসপিএবির প্রশিক্ষণ কর্মশালা

গত ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত গাজীপুর জেলা পরিষদে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের আর্থিক সহযোগিতায় ‘নেটওয়ার্ক সিকিউরিটি’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তিবিদ, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় ৮০ জন প্রশিক্ষণার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন গাজিপুরের জেলা প্রশাসক আখতার-উ-জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার এমএ খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবি সভাপতি আখতারুজ্জামান মঞ্জু। অনুষ্ঠানে কম্পিউটার সম্পর্কে ধারণা প্রদান করেন আইএসপিএবি’র প্রথম সভাপতি ইকবাল আহমেদ। প্রশিক্ষণ পরিচালনায় আরও অংশগ্রহণ করেন আইএসপিএবির পরিচালক শরফুল আলম, পরিচালক নক্সাব ওমর রব্বানি উথান্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রশিক্ষক জুলফিকার হাফিজ জুয়েল প্রমুখ। প্রশিক্ষণে নেটওয়ার্কিংয়ের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সেগুলো হাতে-কলমে দেখানো হয়।