বিশ্বকাপ হাওয়া :
সবকিছুতেই বিশ্বকাপ
প্রকাশ : ১৬ জুন ২০১৪, ২০:০৬
বিশ্বকাপ জ্বরে পুড়ছে সারা বিশ্ব। সেই জ্বরের উত্তাপ লেগেছে আমাদের এখানেও। বিশ্বকাপের এই উন্মাদনায় বিশ্বকাপ সামগ্রীর ব্যাপক চাহিদা বেড়েছে। ঘরে-বাইরে চলছে কোন দল সেরা এই নিয়ে তর্কযুদ্ধ সেই সাথে পছন্দের দলের পতাকা-জার্সিসহ অন্যান্য সামগ্রীর প্রতিযোগিতা। পিছিয়ে নেই ফ্যাশন জগতও। এক্ষেত্রে তরুণদের আগ্রহটা যেন একটু বেশিই। কি ক্যাম্পাস, বন্ধুদের আড্ডা বা চায়ের দোকান—সবখানেই চলছে বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনা-সমালোচনা। এ নিয়ে আমাদের বিশেষ আয়োজনে লিখেছেন নাজনীন শিমু
বেশ তোড়জোড় করেই চলছে বিশ্বকাপের প্রস্তুতি। ইতোমধ্যেই নিজের ঘরবাড়িকে ব্রাজিল-আর্জেন্টিনার ঘাঁটি বানিয়ে ফেলেছেন অনেকেই পতাকা টানিয়ে। কেউ কেউ আবার সাপোর্ট করছেন জার্মানি, ইতালি অথবা স্পেন। যে যাই সাপোর্ট করুক এবার ফ্যাশনে ওয়ার্ল্ডকাপের প্রভাবটা কিন্তু বেশ লক্ষ করার মতোই। অনেকেই প্রিয় দলের জার্সি পরছেন স্কুল, কলেজ, অফিস কিংবা আড্ডায়। বিশেষ করে জার্সির ফ্যাশনটাকে এবার সাদরে গ্রহণ করেছেন মেয়েরাও। শুধু কি জার্সি পরলেই ফ্যাশন সম্পূর্ণ হবে? চাই আরও কিছু বিষয় যেগুলো আপনার বিশ্বকাপ উত্তেজনাকে পরিপূর্ণতা দেবে। শুধু জার্সি নয়, ব্রাজিল বিশ্বকাপে অংশ নেওয়া পছন্দের দলের নানা অনুষঙ্গ গায়ে জড়িয়েছেন ফুটবলপ্রেমীরা। গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে গিয়ে দেখা গেল দোকানগুলোতে তিলপরিমাণ জায়গা নেই। টুপি, রুমাল, ব্রেসলেট, জুতা, পতাকাসহ নানা অনুষঙ্গ কিনতে তরুণ-তরুণীরা ভিড় জমিয়েছে মার্কেটে। ফুটপাথের ব্যবসায়ী আজাদের ভাষায়, ‘বেশি বিক্রি হয় ব্রাজিল আর আর্জেন্টিনার জার্সি, টুপি, ক্যাপ, ব্রেসলেট। তবে জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ডের জার্সিও চলে।’ আপনিও ইচ্ছে করলে বিশ্বকাপ উপলক্ষে আপনার পছন্দের যেকোনো জিনিস কিনে আনতে পারেন। যেমন—
জার্সি :বিশ্বকাপের জন্য রাজধানীর ফ্যাশন আউটলেটগুলোও বেশ সরগরম। বিভিন্ন নামী ব্র্যান্ড ফেবারিট দলগুলোর জার্সির অরজিনালিটি ধরে রাখতে বেশ ভালো মানের জার্সি উঠিয়েছে। অভিজাত শ্রেণীর লোকেরাই এর ক্রেতা। সে কারণে জার্সিগুলোও বেশ ভালো দামে বিক্রি হচ্ছে। এই জার্সি বা টি-শার্টগুলো ফ্যাশনে এনেছে নতুন মাত্রা।
ব্রেসলেট :ফ্যাশনপ্রেমী তরুণদের জন্য বিশ্বকাপ উপলক্ষে মার্কেটে এসেছে নানা রকম ব্রেসলেট। বিভিন্ন দেশের লোগো সম্বলিত এসব ব্রেসলেট পাওয়া যাচ্ছে মার্কেটগুলোতে। কাপড়, চামড়া, স্টিল, রাবারসহ বিভিন্ন ধরনের ব্রেসলেটের দাম পড়বে ২০-২০০ টাকা।
টুপি :বিশ্বকাপ ফুটবলের অংশ নেওয়া দলগুলোর মধ্যে নীল-সাদা আর সবুজ-হলদে টুপির চাহিদা সবচেয়ে বেশি। কাপড়ে তৈরি টুপিগুলো মাথায় বেঁধেও রাখা যায়। এ ধরনের প্রতিটি টুপির দাম পড়বে ৯০-১৫০ টাকা।
রুমাল :পছন্দের দলের নতুন ফ্যাশন অনুষঙ্গ হিসেবে যোগ হয়েছে বিভিন্ন ধরনের রুমাল। সাধারণত পতাকার ডিজাইনে করা প্রতিটি রুমালের দাম পড়বে ২৫-৫০ টাকা।
ঘড়ি :বিশ্বকাপে অংশগ্রহণকারী জনপ্রিয় দলগুলোর লোগো সম্বলিত ঘড়ি পাওয়া যাচ্ছে মার্কেটে। দাম পড়বে ১৫০-৩৫০ টাকা।
নখে বিশ্বকাপ সজ্জা
সাজে বিশ্বকাপের আমেজ নিয়ে আসতে এবং ফ্যাশনে নতুনত্ব আনতে এই বিশ্বকাপে নখগুলোকে রাঙিয়ে ফেলুন প্রিয় দলের পতাকার রঙে। এবার বিশ্বকাপের ফেভারেট ৫টি টিমের জন্য বেশ কিছু নেইল আর্টের উপায় দেওয়া হলো।
আপনার প্রিয় দল যদি ব্রাজিল হয়ে থাকে তাহলে সবুজ, সাদা, হলুদ ও নেভি ব্লু রঙের নেইল পলিশ কিনে ফেলুন এখনই। কারণ প্রিয় দলের পতাকার ডিজাইনে নেইল আর্টের জন্য আপনার প্রয়োজন হবে এই নেইলপলিশগুলো। আপনি যদি আর্জেন্টিনার সাপোর্টার হয়ে থাকেন তাহলে আপনার প্রয়োজন নীল ও সাদা। সেই সঙ্গে একটু সোনালি বা হলুদও ব্যবহার করতে পারেন মাঝের সূর্যটা দিতে চাইলে। জার্মানি টিমের ভক্তরা বেশ সহজেই করে ফেলতে পারবেন বিশ্বকাপের নেইল আর্ট। লাল হলুদ ও কালো রং দিয়ে নেইলপলিশের তিনটি স্ট্রোক পাশাপাশি দিলেই হয়ে যাবে জার্মানির পতাকার নেইল আর্ট। আর যদি আপনি ইতালির ভক্ত হয়ে থাকেন তাহলেও নেইল আর্টের বিষয়টি বেশ সহজ আপনার জন্য। সবুজ, সাদা ও লাল—এই তিনটি রং কিনে ফেলুন এখনই। মাত্র ৩ স্ট্রোকেই করে ফেলতে পারবেন নেইল আর্ট। স্পেন সাপোর্টারদের বেশ সুবিধাই হবে নেইল আর্ট করতে। কারণ লাল আর হলুদ নেইল পলিশ নিশ্চয়ই ঘরেই আছে? তবে মাঝের কালো নকশাটা করা বেশ কঠিন হবে। চাইলে সেটা বাদ দিয়েও প্রতীকী পতাকা এঁকে নিতে পারেন। ব্যতিক্রম নিয়ে আসার জন্য একটি নখে পতাকা এঁকে বাকিগুলোতে ফুটবল একে দিতে পারেন।
কো থা য় পা বে ন
বিশ্বকাপের এই পণ্যগুলো পাবেন ঢাকার গুলিস্তান, স্টেডিয়াম মার্কেট, নিউ মার্কেট, বসুন্ধরা মার্কেট, মৌচাক মার্কেট, সিটি হার্ট, পলওয়েল মার্কেট, ইস্টার্ন প্লাস, মিরপুর ১০ এবং চকবাজার। টি-শার্ট পাবেন আজিজ সুপার মার্কেটসহ বিভিন্ন বুটিক হাউসে। জার্সি, ব্যাগ, হ্যান্ডব্যান্ড, স্যান্ডেল পাবেন স্পোর্টস কর্নার, বসুন্ধরা সিটি শপিং মল, স্পোর্টস জোন, নিউমার্কেট, বঙ্গবাজার, ফার্মভিউ সুপার মার্কেটে।
দ র দা ম
বুটিক হাউসে তৈরি টি-শার্টের দাম ১৫০-১৮০ টাকা। ব্র্যান্ডের জার্সি ৫০০-৭৫০ টাকা, সাধারণ সুতি কাপড়ের জার্সি ৬০-১২০ টাকা। ব্র্যান্ডের ব্যাগ ২৫০ টাকা, সাধারণ ১৫০-২০০ টাকা। হ্যান্ডব্যান্ডের দাম ৮০-১০০ টাকা। স্যান্ডেল ১৩০-২৫০ টাকা।