শ্রীলঙ্কার দুটি শহরে কারফিউ জারি
প্রকাশ : ১৬ জুন ২০১৪, ২০:১১
সামপ্রদায়িক দাঙ্গা মোকাবেলায় শ্রীলংকার দু’টি শহরে কারফিউ জারি করেছে সরকার। এর আগে মুসলিম এবং বৌদ্ধ সমপ্রদায়ের মধ্যে দাঙ্গা শুরু হলে পুলিশ টিয়ার গ্যাস প্রয়োগ করে। এ ঘটনায় কয়েকজন আহত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। শ্রীলংকার মুসলিম অধ্যুষিত উপকূলীয় শহর আলুতগামা এবং এর পার্শ্ববর্তী রেরুয়ালা শহরে মুসলিম এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ভয়াবহ দাঙ্গার আশঙ্কায় কারফিউ জারি করে সরকার। বার্তা সংস্থা এএফপি জানায়, গত এক সপ্তাহে উভয় গ্রুপের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দাঙ্গা চলাকালে একে অন্যের ওপর পাথর ছুঁড়ে হামলা চালায়।
পুলিশের একজন মুখপাত্র বলেন, মুসলিম অধ্যুষিত এলাকায় বৌদ্ধ সন্ন্যাসীদের একটি মিছিল করাকে কেন্দ্র করে সংঘাতের সূত্রপাত হয়। দাঙ্গা চলাকালে বৌদ্ধ ধর্মাবলম্বী গোষ্ঠীর লোকজন বেরুওয়ালা অঞ্চলের মুসলমানদের ঘরবাড়ি এবং দোকানপাট ভাংচুর এবং অগ্নিসংযোগ করে। উভয় গ্রুপের মধ্যে দাঙ্গা চরম আকার ধারণ করতে পারে আশঙ্কায় সেখানকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে। শ্রীলংকা মুসলিম কাউন্সিলের মুখপাত্র হিলমি আহমেদ গণমাধ্যমকে বলেন, বেশ কিছু বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজন ইচ্ছাপূর্বক মুসলিমদের ওপর হামলা করেছে কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ সংখ্যালঘুদের রক্ষার্থে কোন পদক্ষেপই নিচ্ছে না।
এদিকে জি-৭৭ সম্মেলনে যোগ দিতে বলিভিয়ায় অবস্থানরত প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামপ্রদায়িকতার নামে দেশে কোন ধরনের অরাজকতা মেনে নেয়া হবে না।