ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর অভিযান

পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনী স্থল আক্রমণ শুরু করেছে। তাছাড়া কারফিউ চলাকালীন সময়ে কোন লোককে দেখামাত্র গুলি করার জন্য স্থানীয় গোয়েন্দাদের নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় অধিবাসীরা জানায়, মিরানশাহের কাছাকাছি একটি গ্রামে কারফিউ চলাকালীন সময়ে সৈন্যরা প্রকাশ্যে গুলি করে দু’জনকে আহত করেছে। টাইমস অব ইন্ডিয়ার সূত্র থেকে জানা যায়, স্থল হামলার নির্দেশ পাওয়ার পর মিরানশাহ অঞ্চলে সৈন্যরা কামান ও মর্টার হামলা শুরু করছে। মিরানশাহের স্থানীয় এক গোয়েন্দা কর্মকর্তা জানান, মীর আলী গ্রামে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করলে অন্তত দশ জঙ্গি নিহত হয়। অন্যদিকে ঐ অঞ্চলে রাস্তায় পেতে রাখা বোমা হামলায় পাঁচ সৈন্য আহত হয়েছে। এর আগে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের আদিবাসী অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর যুদ্ধ বিমানের হামলায় কমপক্ষে একশ’ ‘বিদ্রোহী’ নিহত হয়েছেন। রবিবার ভোররাতে উত্তর ওয়াজিরিস্তানের বোয়া তেহশিল, দেগান বন ও দাত্তাখের তেহশিলে এই হামলার ঘটনা ঘটেছে বলে আইএসপিআর’র তথ্যে জানা গেছে।