আইওএস ৮.০

নতুন ফিচারে বাড়তি সুবিধা

অ্যাপলের বাত্সরিক ডেভেলপার কনফারেন্স মানেই বিশেষ কিছু। এই বাত্সরিক আয়োজনে অ্যাপল তাদের ভবিষ্যতের সব প্রযুক্তির নমুনা হাজির করে থাকে বিশ্ববাসীর সামনে। এবারের ডেভেলপারস কনফারেন্সেও অ্যাপল তাদের ম্যাক এবং মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের ঘোষণা দিয়েছে। আইফোন, আইপ্যাড কিংবা আইপড টাচের নতুন সংস্করণে ব্যবহারযোগ্য আইওএস-এর নতুন সংস্করণের কিছু ফিচার জানাচ্ছেন মোজাহেদুল ইসলাম আইওএস-এর আগের সংস্করণে ব্যবহারকারীদের বেশকিছু সমালোচনা ছিল। সেগুলো কাটিয়ে উঠে নতুন ফিচারগুলো প্রশংসিত হবে বলেই বিশ্বাস অ্যাপল কর্মকর্তাদের। ইতোমধ্যেই এর বেটা সংস্করণ উন্মুক্ত হয়েছে এবং সেটি সন্তুষ্টিও অর্জন করছে। এবারে সংক্ষেপে দেখে নেওয়া যাক আইওএস ৮.০-এর নতুন ফিচার। ম্যাকের সাথে সিনক্রোনাইজেশন ম্যাক এবং ম্যাকবুকের সাথে আইফোন বা আইপ্যাডের মতো মোবাইল ডিভাইসগুলো যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে, সেই লক্ষ্য নিয়েই বেশকিছু কাজ করা হয়েছে আইওএস ৮.০তে। যেমন—এখন যে কেউ আইফোন বা আইপ্যাডে কোনো ইমেইল লেখার সময়ে তাকে উঠে যেতে হলে পরে সেটি ম্যাক থেকেও সম্পন্ন করা যাবে। একই ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় ম্যাক এবং আইওএস ডিভাইস থাকলে ম্যাক ব্যবহার করেও ফোনকল করা যাবে এবং রিসিভ করা যাবে। আইপ্যাডেও মিলবে একই সুবিধা। এক্ষেত্রে আইপ্যাড এবং ম্যাকে কলারের নম্বর, নাম এবং প্রোফাইল পিকচার প্রদর্শন করা হবে। আইফোনের কন্টাক্ট বুক ব্যবহার করে সরাসরি ম্যাক বা আইপ্যাড থেকে কল করাও যাবে। আগে কেবল আইম্যাসেজ অ্যাপ্লিকেশন ব্যবহার করে ম্যাক বা আইপ্যাড থেকে এসএমএস করার সুবিধা থাকলেও এখন সরাসরি ম্যাক বা আইপ্যাড থেকে এসএমএস করা যাবে। এ ছাড়া নোটিফিকেশন সেন্টারের সকল নোটিফিকেশন পাওয়া যাবে ম্যাক থেকেও। আইওএস ৮.০-এর মাল্টিটাস্কিং ইন্টারফেসও উন্নত করা হয়েছে। ম্যাসেজ অ্যাপে নতুন সুবিধা দীর্ঘদিন ধরেই ম্যাসেজ অ্যাপ্লিকেশনে কিছু ফিচার যুক্ত করার দাবি ছিল ব্যবহারকারীদের। সেটা পূর্ণ করা হয়েছে এই সংস্করণে। এখন গ্রুপ কনভারসেশন সহজেই ত্যাগ করা যাবে। আবার গ্রুপ কনভারসেশনে নতুন ব্যক্তিতে যুক্ত করা বা বাদ দেওয়াও সহজ করা হয়েছে। গ্রুপ কনভারসেশনে অংশগ্রহণকারীদের অবস্থান জানানোর সুযোগটিও নতুন। আবার একটি ম্যাসেজের মাধ্যমেই একাধিক ছবি বা ভিডিও পাঠানোর সুবিধা যোগ করা হয়েছে, যা আগে ছিল না। দরকারের সময় ‘ডু নট ডিস্টার্ব’ ব্যবহার করে মিউটও রাখা যাবে গ্রুপ কনভারসেশনের সুযোগ। কিবোর্ডে নতুন লেআউট অ্যাপল বলছে, আইওএস ৮.০তে যে কিবোর্ড ব্যবহার করা হয়েছে, সেটি এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে স্মার্ট কিবোর্ড। ‘কুইকটাইপ’ শিরোনামের এই কিবোর্ড ব্যবহার করে লেখার সময়ে এটি বিভিন্ন শব্দের পরামর্শ প্রদান করবে। অর্থাত্ দুই/একটি অক্ষর লেখার পরেই এটি অনুমান করে দেওয়ার চেষ্টা করবে শব্দটি বলে দেওয়ার। ব্যবহারকারীর অভ্যাসের সাথে সাথে এই পরামর্শ বা অনুমান নিখুঁত হতে থাকবে। প্রথমবারের মতো থার্ড-পার্টি কিবোর্ড ব্যবহারের সুযোগও রাখতে যাচ্ছে অ্যাপল। ছবি সংরক্ষণে বৈচিত্র্য ছবি সংরক্ষণের জন্য অ্যাপলে ফটোজ অ্যাপ্লিকেশনটিতে নতুনত্ব নিয়ে আসা হয়েছে। এতে আইক্লাউড ফটো লাইব্রেরি নামে নতুন একটি অংশ যুক্ত হয়েছে যেখানে কোনো ছবি বা ভিডিও রাখলে তা আইক্লাউডের মাধ্যমে যেকোনো অ্যাপল ডিভাইস থেকে ডাউনলোড করা যাবে। আবার আইক্লাউডে যেকোনো মূল ফরম্যাটের ছবি সংরক্ষণের সাথে সাথে তার ছোট একটি কপি ডিভাইসে রাখার সুবিধাও রয়েছে। মূল ফটোজ অ্যাপ্লিকেশনের মতোই বিভিন্ন ক্যাটাগরিতে আইক্লাউড লাইব্রেরিতেও রাখা যাবে ছবি। আর এখানে ছবি রাখার সাথে সাথেই তাতে অন্য ডিভাইস থেকে অ্যাকসেস করা যাবে। স্বাস্থ্যসেবায় হেলথ শারীরিক সুস্থতার দিকে লক্ষ্য রেখে আইওএস ৮.০তে যুক্ত করা হয়েছে হেলথ নামের নতুন অ্যাপ্লিকেশন। অন্যান্য হেলথ ও ফিটনেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটি তথ্য সংগ্রহ করে এক জায়গাতেই সংরক্ষণ করবে এবং এর মাধ্যমে সহজেই একজন ব্যক্তির শারীরিক সুস্থতার সাধারণ পরিমাপ করা যাবে। বিভিন্ন ডায়গনস্টিক রেজাল্ট থেকে শুরু করে ঘুম, পুষ্টি, ঔষধ গ্রহণের মতো সব তথ্যই থাকবে এই অ্যাপ্লিকেশনে। এটি চিকিত্সকদের সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী একটি টুলসে পরিণত হবে বলে আশা করছে অ্যাপল।