স্মার্টফোন ভিজে গেলে যা করবেন
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২০:৫৬
সাধের স্মার্টফোনটি ব্যবহার করতে গিয়ে নানা ধরনের বিপত্তিতে পড়া নতুন কিছু নয়। অনেক সময় হঠাত্ করে ফোনটি হাত থেকে পড়ে যেতে পারে পানির মধ্যে। এমনিতেই যেকোনো ইলেক্ট্রনিক পণ্যের ক্ষেত্রেই পানি অত্যন্ত ক্ষতিকর। স্মার্টফোনের জন্যও তার ব্যতিক্রম হয় না। স্মার্টফোন পানিতে পড়ে গেলে কিংবা স্মার্টফোনের ওপর পানি পড়ে গেলে ফোনটি নষ্টও হয়ে যেতে পারে। তবে দ্রুত কিছু কাজ করে ফেলতে পারলে পানিতে পড়া স্মার্টফোনকেও সচল রাখা যায়। এমন কিছু টিপস তুলে ধরা হলো এই লেখায়।
ব্যাটারি স্টিকার পরীক্ষা করুন
স্মার্টফোনের বিক্রয়োত্তর সেবার ক্ষেত্রে পানিতে পড়ে নষ্ট হওয়ার জন্য বিক্রয়োত্তর সেবা প্রদান করা হয় না। ব্যাটারি এবং ব্যাটারি প্লেটের সাথে সাধারণত একটি সাদা স্টিকার যুক্ত থাকে। পানি প্রবেশ করলে এই স্টিকারটি রঙ বদলে গোলাপি বা লাল হয়ে যায়। তাই আপনার ফোনটি পানিতে পড়ে গেলে দ্রুত ব্যাটারি খুলে দেখে নিন স্টিকারটি ঠিক রয়েছে কি না। স্টিকারটি ঠিক থাকলে বিক্রয়োত্তর সেবা পাবেন।
ফোন বন্ধ করুন দ্রুত
স্মার্টফোন পানিতে পড়ে গেলে দ্রুততম সময়ের মধ্যে ফোনটি বন্ধ করে দিন। তারপর একে দ্রুত কোনো তোয়ালে বা নরম কাপড়ের ওপর রাখুন। এরপর ব্যাটারি, সিম কার্ড এবং মেমোরি কার্ডগুলো খুলে ফেলুন এবং এগুলোতে আলতো করে মুছে নিন। ফোনের সাথে যুক্ত থাকা অন্যান্য অ্যাকসেসরিজও খুলে নিন।
স্মার্টফোন মুছে নিন
অ্যাকসেসরিজের সাথে সাথে পুরো স্মার্টফোনটিকে ভালোভাবে মুছে ফেলুন। সেক্ষেত্রে নরম কাপড়ের টুকরা ব্যবহার করুন। আর স্মার্টফোনটি শুকিয়ে নেওয়ার জন্য ছোট আকৃতির ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন। তবে ভ্যাকুয়াম ক্লিনারকে ফোনের খুব বেশি কাছে ধরবেন না। আর ভুলে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না স্মার্টফোন শুকিয়ে নিতে।
শুষ্ক স্থানে রাখুন
ফোনটিকে শুকিয়ে নিয়ে শুষ্ক কোনো স্থানে রাখুন। এর জন্য আদর্শ হতে পারে কোনো শুষ্ক পলিথিন ব্যাগ অথবা এয়ার-টাইট কন্টেইনার। পলিথিন ব্যাগ বা কন্টেইনারে সিলিকা জেল রাখতে পারেন। আর এসবের কোনোকিছুই হাতের কাছে না থাকলে চালের কৌটাতেও রাখতে পারেন স্মার্টফোনটি। ফোনের মধ্যে বাস্প বা ময়েশ্চার থাকলে তা শুষে নেবে কৌটায় থাকা চাল। ফোনকে শুকিয়ে নিতে চাইলে এয়ার কন্ডিশনারের সামনেও কিছু সময় ধরে রাখতে পারেন। সেটিও কাজে দেবে।
স্মার্টফোন চালু করতে সময় নিন
অনেকেই স্মার্টফোন বন্ধ করে বেশিক্ষণ অপেক্ষা করতে পারেন না। কিন্তু স্মার্টফোনটি পানিতে পড়ে গেলে বা ফোনের ওপর পানি পড়লে তা বন্ধ করে দিলে আপনাকে একটু ধৈর্যধারণ করতেই হবে। এক্ষেত্রে অন্তত ২৪ ঘণ্টা সময় নিতে হবে ফোন চালু করার আগে। ফোনটি চালু করার আগে দেখে নিতে হবে এর বিভিন্ন পোর্ট বা কিংবা কম্পার্টমেন্টগুলো সঠিকভাবে শুকনো হয়েছে কি না। সেগুলোকে সন্তোষজনকভাবে শুকনো এবং পরিস্কার মনে হলে তবেই ফোনটি চালু করুন। আর ফোনটি চালু করতে চাইলে যদি চালু না হয়, তাহলে দ্রুত যোগাযোগ করুন নিকটস্থ সার্ভিস সেন্টারে।
যা করবেন না
স্মার্টফোন থেকে পানি শুকিয়ে নেওয়ার জন্য অনেকেই ফোনকে খোলা ঘরে ফ্যানের সামনে রেখে দেন। অনেকে হেয়ার ড্রায়ারও ব্যবহার করে থাকেন। তবে এগুলোর কোনোটিই সঠিক পদ্ধতি নয় কোনোভাবেই। কারণ বাতাসের জলীয়বাষ্প এবং অন্যান্য ধূলিকণা ফোনের জন্য অত্যন্ত ক্ষতিকর। গরম বাতাসও ফোনের কোনো কাজে আসবে না। বরং তা ফোনের ক্ষতিই করবে।