ইরাক সঙ্কট নিয়ে ইরানের
সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা
আল জাজিরা, বিবিসি ও রয়টার্স
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২০:৫৭
উত্তরাঞ্চলীয় তাল আফার শহর জঙ্গিদের দখলে
জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন ওবামা
দূতাবাসের নিরাপত্তার জন্য ২৭৫ মার্কিন সেনাকে ইরাকে পাঠানো হচ্ছে
ইরাকে জঙ্গি উত্থানের ঘটনায় ‘শত্রুদেশ’ ইরানের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়েও বৈঠক করেছেন। এদিকে, ইরাকের উত্তরাঞ্চলীয় তাল আফার শহর সুন্নি জঙ্গিরা দখল করে নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় অধিবাসীরা। রবিবার জঙ্গিরা শহরটিতে প্রবেশের চেষ্টার সময় কয়েকটি এলাকায় মর্টারের গোলা হামলা চালিয়েছে। সুন্নি, শিয়া জনগোষ্ঠী ও কিছু তুর্কি অধ্যুষিত তাল আফারের অবস্থান মসুল এবং সিরিয়া সীমান্তের মাঝামাঝিতে। তাল আফারের এক অধিবাসী বলেছেন, জঙ্গিরা মেশিনগান নিয়ে কালো জিহাদি ব্যানারের পতাকা উড়িয়ে গাড়িতে করে রাস্তায় রাস্তায় ঘুরছে।
ইরাক সরকারকে সহায়তা করতে ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘শত্রুদেশ’ ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে মার্কিন কর্মকর্তারা। ভিয়েনায় ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ছয় বিশ্ব শক্তির সঙ্গে আলোচনার পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে এই আলোচনা হয়েছে বলে উভয়পক্ষই স্বীকার করেছে। তবে দু’পক্ষই সামরিক সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, তাদের আলোচনায় সামরিক সহযোগিতার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না এবং তারা ইরাকিদের মাথার ওপর ‘কৌশলগত কোনো সিদ্ধান্ত’ চাপিয়েও দিচ্ছে না। অপরদিকে, এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, ‘ইরান একটি মহান দেশ এবং দেশটি ইরাক ও সংলগ্ন অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করতে পারবে। সামরিক সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি এবং এটি বিবেচিত কোনো বিষয় নয়।’ ইরাকে জঙ্গি উত্থানের মুখে যুক্তরাষ্ট্র ও ইরান যদি কোনো যৌথ পদক্ষেপ নেয় তা হবে ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পরে সবচেয়ে নজিরবিহীন ঘটনা।
এদিকে, ইরাকে জঙ্গি হামলা ও শহর দখলের ঘটনায় উদ্বিগ্ন মার্কিন প্রেসিডেন্ট ওবামা গত সোমবার তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল, এটর্নি জেনারেল এরিক হোল্ডার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস উপস্থিত ছিলেন। হোয়াইট হাউজ আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিরাপত্তার জন্য মার্কিন সামরিক বাহিনীর ২৭৫ জন সদস্যকে ইরাকে পাঠানো হচ্ছে।
তবে ইরাকের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল কাশিম আত বলেছেন, সামরিক বাহিনী কয়েকটি জায়গায় জঙ্গিদের বিরুদ্ধে সাফল্য অর্জন করেছে। নিহত হয়েছে ২৭৯ জঙ্গি। কিন্তু এ সংখ্যা নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি। স্থানীয় টিভি স্টেশনগুলো বলেছে, মসুলের কাছে একটি সামরিক ঘাঁটিতে রাতের বেলায় হেলিকপ্টার হামলা চালিয়েছে সরকারি বাহিনী। জঙ্গিরা গত সপ্তাহে শহরটি দখল করে। এদিকে, বাগদাদের উত্তরে সামারা শহরের কাছে সরকারি বাহিনীর যুদ্ধপ্রস্তুতির খবর পাওয়া গেছে। তিকরিতে পাল্টা হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে তারা।