স্ট্রোক শনাক্ত করবে মাইক্রোওয়েভ হেলমেট
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২০:৫৯
শারীরিক বিভিন্ন তথ্য সংগ্রহে এখন চিকিত্সাক্ষেত্রে বড় ধরনের সহায় হয়ে উঠছে প্রযুক্তি। নানা ধরনের নতুন নতুন প্রযুক্তিসম্পন্ন গ্যাজেট শারীরবৃত্তীয় অনেক তথ্যই খুব সহজে সংগ্রহ করতে সক্ষম হচ্ছে। এবারে সুইডেনের একদল গবেষক তৈরি করেছে বিশেষ ধরনের একটি মাইক্রোওয়েভ হেলমেট যা কি না এর পরিধানকারীর স্ট্রোক হলেই শনাক্ত করতে পারবে এবং সেটি তাত্ক্ষণিকভাবে জানিয়ে দিতে সক্ষম হবে। স্ট্রোক সংক্রান্ত চিকিত্সায় এই হেলমেট নতুন গতি সঞ্চার করতে সক্ষম হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এই মাইক্রোওয়েভ হেলমেটটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে মস্তিষ্কে কোথাও রক্তক্ষরণ হলে কিংবা রক্ত জমাট বেঁধে গেলে তা সহজেই শনাক্ত করতে সক্ষম হবে। স্ট্রোক হলে ডাক্তারদের খুব দ্রুতই তা শনাক্ত করতে হয় এবং মস্কিষ্কের স্থায়ী কোনো ক্ষতি যাতে না হয় তার জন্য দ্রুততম সময়ের মধ্যে চিকিত্সা শুরু করতে হয়। স্ট্রোক হওয়ার চার ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় চিকিত্সা শুরু না করতে পারলে মস্তিষ্কের কোষগুলো ক্ষতিগ্রস্থ হতে শুরু করে। আবার স্ট্রোকের চিকিত্সা শুরুর জন্য এটি জানা জরুরি যে স্ট্রোকটি রক্তক্ষরণজনিত কারণে হয়েছে না কি রক্ত জমাট হওয়ার কারণে ঘটেছে। এটি নির্ধারণ করার জন্য সাধারণত সিটি স্ক্যান করানো হয়ে থাকে। তবে এর জন্য বেশিরভাগ ক্ষেত্রেই অনেকটা সময় ব্যয় করতে হয়। এই পরিস্থিতি থেকেই মুক্তি দিতে পারে বিশেষ ধরনের এই হেলমেট। এই হেলমেটটি মূলত মাইক্রোওয়েভ নিঃসরণ করে যা মস্তিষ্কের ভেতরের গতি-প্রকৃতির প্রকৃত চিত্রটি খুব অল্প সময়ের মধ্যেই তুলে ধরতে পারে। প্রোটোটাইপ পর্যায়ের এই হেলমেটটি তৈরি করা হয়েছে মানুষের মাথার আকৃতির অনুরূপ করে। তবে ভবিষ্যতে একে রোগীর বালিশের সাথে ব্যবহারের উপযোগী করে তোলার পরিকল্পনা রয়েছে এর নির্মাতাদের। সুইডেনের শ্যালমারস ইউনিভার্সিটি অব টেকনোলজি, স্যালগ্রেনস্কা একাডেমি এবং স্যালগ্রেনস্কা ইউনিভার্সিটি হসপিটালের গবেষকরা যৌথভাবে এই মাইক্রোওয়েভ হেলমেটটি তৈরিতে কাজ করে যাচ্ছেন। তবে এটি বাণিজ্যিকভাবে বাজারে নিয়ে আসতে আরও কয়েক বছর লেগে যেতে পারে বলে জানিয়েছেন তারা।