বাংলালিংকের সেলফ টপ-আপ মেশিন উদ্বোধন
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২০:৫৯
মোবাইল অপারেটর বাংলালিংক তাদের গ্রাহকদের জন্য বাণিজ্যিকভাবে মেশিন থেকে নগদ টাকা দ্বারা যেকোনো বাংলালিংক নম্বরে টপ-আপ সুবিধা চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা এখন নিজেরাই নির্ধারিত স্থানে স্থাপিত এই বিশেষ মেশিনে নগদ টাকা দিয়ে যেকোনো বাংলালিংক নাম্বার যেকোনো সময় তাত্ক্ষণিকভাবে টপ-আপ করতে পারবেন। বর্তমানে ঢাকার এআইউবি ক্যাম্পাস-৫, বনানী, সিএসডি, জিয়া কলোনি ও সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা ক্যান্টনমেন্ট, মিরপুর ডিওএইচএস ও দারুস সালাম অ্যাপার্টমেন্ট, মিরপুর রোডে এই সেবাটি চালু করা হয়েছে। এই সেবার মাধ্যমে গ্রাহকরা বাংলাদেশি ব্যাংক নোট (১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট) ব্যবহার করে কোনো বাড়তি খরচ ছাড়াই নিজে নিজে টপ-আপ করতে পারেন। এই সেবা প্রদানে বাংলালিংকের পার্টনার হিসেবে কাজ করছে ইস্টকম্পিস স্মার্ট কার্ড। বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম, এআইইউবি উপ-উপাচার্য প্রফেসর ড. চার্লস ভিলানুভা এবং ইস্টকম্পিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রন লিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবা চালু করেন। এসময় জানানো হয় খুব দ্রুতই এই সেবাকে বাংলালিংক সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।