বিসিএস-এ নির্বাহী পরিচালক নিয়োগ
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ১৯:৫১
সাংগঠনিক কার্যক্রম দক্ষতার সঙ্গে এগিয়ে নিতে প্রথমবারের মতো নির্বাহী পরিচালক নিয়োগ করলো দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা মো. শাহ আলম সিদ্দিকীকে নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেছেন। বিসিএস সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ জানিয়েছেন, নির্বাহী পরিচালক নিয়োগের মধ্য দিয়ে বিসিএসের একটি নতুন যুগের সূচনা হলো। এর মাধ্যমে বিসিএস সচিবালয়কে শক্তিশালীকরণ, কাজের স্বচ্ছতা নিশ্চিত করা ও সদস্যদের সেবার মান উন্নত করা এবং সদস্যদের কল্যাণে বিসিএসের কার্যক্রমকে এগিয়ে নেওয়া সহজ হবে।