পাক-আফগান সীমান্তে মার্কিন নজরদারি বৃদ্ধি
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২০:৫৯
মার্কিন শীর্ষ সেনা কমান্ডার জেনারেল জোসেফ ডানফোর্ড বলেছেন, পাক-আফগান সীমান্তে নজরদারি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান দেশটিতে জঙ্গি দমন অভিযান পরিচালনা করায় পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান। —খবর টাইমস অব ইন্ডিয়ার।
মেরিন বাহিনীর জেনারেল ডানফোর্ড রবিবার আফগানিস্তানে বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে সেদেশের সেনাবাহিনীর বিমান হামলা পরিচালনার পর উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণে তারা এ পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, জঙ্গি দমনে সীমান্তে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে কোন সমন্বয় সাধন করছে না। তবে তারা আফগানিস্তানের সঙ্গে অবস্থার বিচার-বিবেচনায় গোয়েন্দা তত্পরতা বাড়িয়েছেন। তিনি বলেন, অভিযান শুরুর পর থেকে পাকিস্তান থেকে পালিয়ে আসা কোন জঙ্গি আফগানিস্তানে প্রবেশ করতে পারেনি।
তিনি আরো বলেন, আফগানিস্তান এবং যুক্তরাষ্ট্র পাকিস্তানের এ জঙ্গি দমন অভিযান পরিচালনার পর যদি কোন প্রতিকূল পরিস্থিতির অবতারণা ঘটে তাহলে তা সামাল দিতে তারা প্রস্তুত রয়েছেন।