হ্যাকারকে মিলিয়ন ইউরো দিয়েছিল নকিয়া!
প্রকাশ : ১৯ জুন ২০১৪, ১৯:৪৭
মোবাইল জায়ান্ট নকিয়ার মোবাইল অপারেটিং সিস্টেমের সোর্স কোডের তথ্য উন্মুক্ত করে দেওয়ার ভয় দেখিয়ে এক হ্যাকার নকিয়ার কাছ থেকে মিলিয়ন ইউরো আদায় করে নিয়েছিল। ফিনল্যান্ডের একটি মিডিয়া এই তথ্য প্রকাশ করেছে। তবে এ বিষয়ে নকিয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে জানিয়ে ফিনল্যান্ড পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন আপাতত এর চেয়ে বেশি তথ্য তারা প্রকাশ করতে পারবেন না। ফিনল্যান্ডের টিভি চ্যানেল এমটিভির এক প্রতিবেদনে হ্যাকারের কোনো পরিচয় উল্লেখ না করে বলা হয়, নকিয়ার সিমবিয়ান অপারেটিং সিস্টেমের এনক্রিপশন কোড হাতিয়ে নিতে সমর্থ হয় ওই হ্যাকার। আর এরপর সে নকিয়ার সাথে যোগাযোগ করে এই কোড অনলাইনে ছড়িয়ে দিয়ে সিমবিয়ান প্ল্যাটফর্মকে পুরোপুরি অরক্ষিত করে দেওয়ার হুমকি দেয়। তাই এই কোড ফাঁস না করার জন্যই হ্যাকারকে টাকা দিতে বাধ্য হয় নকিয়া। টাকার সঠিক পরিমাণ উল্লেখ না করলেও সেটি মিলিয়ন ইউরোতে হবে বলেই দাবি করেছে এমটিভি।