আসছে ডিডিআর৪

সময়ের সাথে সাথে প্রযুক্তি পণ্য কনফিগারেশনের দিক থেকে দ্রুত এগিয়ে যাচ্ছে। আর প্রযুক্তি কোম্পানিগুলোও দ্রুতই আরও উচ্চ কনফিগারেশন নিয়ে আসতে ব্যস্ত সময় কাটাচ্ছে। কম্পিউটারের গতির ক্ষেত্রে র্যাম যখন অন্যতম মূল ভূমিকা পালন করে থাকে, তখন র্যামেও নতুন প্রযুক্তি আসাটাই স্বাভাবিক। এই স্বাভাবিকতায় এবারে বাজারে আসতে যাচ্ছে ডিডিআর৪ র্যাম। ২০১১ সালে স্যামসাং প্রথম ডিডিআর৪ র্যাম তৈরির ঘোষণা দেয়। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে চলতি বছরেই বাজারে আসতে যাচ্ছে এই নতুন সংস্করণের র্যাম। এসডি র্যাম দিয়ে যাত্রা শুরুর পর বাজারে আসে ডিডিআর র্যাম। একে একে ডিডিআর র্যামেরও পরবর্তী আরও দুইটি সংস্করণ বাজারে চলে আসে। বর্তমান বাজারে ডিডিআর৩ র্যামই জনপ্রিয়। তবে ডিডিআর৪ র্যামের জন্য নিঃসন্দেহেই প্রতীক্ষায় রয়েছেন হাজারও প্রযুক্তিপ্রেমী। কেননা শক্তি খরচের দিক থেকে এটি যেমন সাশ্রয়ী হবে, গতির দিক থেকে তেমনই হবে অধিক গতিশীল। ডিডিআর৩ র্যাম চালাতে যেখানে ১.৫ ভোল্ট বিদ্যুত্ প্রয়োজন হয়, সেখানে ডিডিআর৪ র্যাম চালাতে বিদ্যুত্ প্রয়োজন হবে ১.২ ভোল্টের। এতে বাড়তি বিশেষ সুবিধা হিসেবে যুক্ত হয়েছে ডিপ পাওয়ার-ডাউন মোড, যার মাধ্যমে মেমোরি রিফ্রেশ না করেই ডিভাইস স্ট্যান্ডবাই মোডে চলে যেতে পারে। এতে করে স্ট্যান্ডবাই মোডে এখনকার চাইতে ৪০ থেকে ৫০ শতাংশ শক্তি খরচ কমবে। শক্তি খরচ কম হওয়ায় তাপ উত্পন্ন হবে কম। সেই হিসেবে ল্যাপটপের মতো ডিভাইসে ব্যাটারির স্থায়িত্ব বাড়বে। আর র্যামের যে মূল কাজ, গতি, তাতে ডিডিআর৩-এর তুলনায় দ্বিগুণ পারফর্ম্যান্স প্রদান করবে ডিডিআর৪। কাজেই প্রযুক্তিপ্রেমীরা এর অপেক্ষায় থাকতেই পারেন।