আমাদের শিক্ষা ও সৃজনশীলতা
প্রকাশ : ২৪ জুন ২০১৪, ২১:৩২
পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল সকলেরই প্রত্যাশা। প্রত্যেক অভিভাবক এবং শিক্ষক চান তাঁদের ছেলেমেয়েরা যাতে ভালো ফলাফলের মাধ্যমে দেশের জন্য বয়ে আনতে পারে সম্মান। উন্মুক্ত করতে পারে সম্ভাবনার দ্বার। এরই প্রতিফলন ঘটছে আমাদের বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফলের মধ্যে। গত কয়েক বছরে পাবলিক পরীক্ষার সফলতার ধারাবাহিকতায় আগের চেয়ে পরবর্তী বছরে পাসের হার যেমন বেড়ে চলেছে তেমনিভাবে বাড়ছে জিপিএ ৫-এর সংখ্যাও। উত্তরোত্তরভাবে বৃদ্ধি পাওয়া এ সাফল্য আমাদের শিক্ষাক্ষেত্রে রাখতে পারে বড় অবদান। পাসের হার বৃদ্ধিসহ এ+ এর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সরকারের কিছু সফলতা রয়েছে। বছরের প্রথমেই শিক্ষার্থীর নতুন বই প্রাপ্তি পরীক্ষার ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলছে। শিক্ষার্থীরা নতুন বছরে নতুন বই হাতে নিয়ে পড়ালেখা শুরু করতে পারে আগ্রহের সঙ্গে। আর্থিক অসচ্ছলতার কারণে আগে অনেকের বই কেনার সামর্থ্য না থাকায় লেখাপড়ার ওপর নেতিবাচক প্রভাব পড়তো। পূর্ববর্তী বছরগুলোতে বই হাতে পেতে দুই থেকে তিনমাস পার হবার কারণে ফলাফলের ওপর তা প্রভাব ফেলেছিল। সৃজনশীল পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীর অন্তর্নিহিত শক্তির বিকাশ সাধিত হচ্ছে। সৃজনশীল পদ্ধতির প্রশ্ন কাঠামো যেমন শিক্ষার্থীকে ভাবনা বা চিন্তা করার রাজ্যে নিয়ে যেতে পারে তেমনি তা নকল করার প্রবণতাকেও হ্রাস করতে পেরেছে বহুলাংশে। সৃজনশীল পদ্ধতিতে বিভিন্ন প্রশ্নের ভিন্ন ভিন্ন ভাবে নাম্বার দেওয়ার সুযোগ থাকায় শিক্ষার্থীরা আজ ভালো ফলাফল করার প্রত্যাশা রাখছে। তবে আমাদের পাবলিক পরীক্ষার খাতাগুলোতে যেভাবে উদারহস্তে নাম্বার দেওয়ার প্রবণতা রয়েছে তা সমর্থনযোগ্য নয়। প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া আজকাল যেন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্তমান যুগে বিজ্ঞানের কল্যাণকর আবিষ্কার আমাদের জীবনে কাঁটা হয়ে দাঁড়িয়েছে, যার মাধ্যমে পরীক্ষার আগেই শিক্ষার্থীর হাতে পৌঁছে যাচ্ছে প্রশ্নপত্র। কিছু বিত্তবান এবং ক্ষমতাশালী ব্যক্তির মাধ্যমে পরীক্ষার প্রশ্ন নিয়ে এবং নাম্বারের ক্ষেত্রে চলছে ভয়ানক কর্মকাণ্ড। যেখানে আমরা সৃজনশীল পদ্ধতিকে মেধা বিকাশের হাতিয়ার হিসেবে ধরতে চাই, সেখানে শিক্ষার্থীরা আজ বাজারে প্রকাশিত বিভিন্ন গাইড অনুশীলন থেকে মুখস্থ করে যাচ্ছে প্রশ্নের উত্তর, শিক্ষাপ্রতিষ্ঠানেও বিভিন্ন পরীক্ষায় হুবহু গাইড থেকে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে। এটাই কি সৃজনশীলতার বহিঃপ্রকাশ?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়