ঠাকুরগাঁও কমিউনিটি ক্লিনিকে
স্বাস্থ্যসেবা কার্যক্রমে অনিয়ম
প্রকাশ : ২৬ জুন ২০১৪, ২০:৩১
ঠাকুরগাঁওয়ে প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক গুলোর স্বাস্থ্য সেবা কার্যক্রম ভেঙ্গে পড়েছে। এছাড়া ওষুধ সংকটে পড়ে চিকিত্সা কেন্দ্রগুলোয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেয়ার লক্ষে ইউনিয়ন পর্যায়ে ৬ হাজার লোকের জন্য ১টি করে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে সরকার। ক্লিনিক গুলো সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও অধিকাংশ ক্লিনিক বন্ধ হয়ে যায় দুপুরের আগেই। এখানে বিনামূল্যে ৩১টি রোগের ওষুধ সরবরাহ করার কথা থাকলেও দেয়া হচ্ছে দু’ একটি রোগের ওষুধ। এছাড়া নির্দিষ্ট সময়ের আগেই ক্লিনিক বন্ধ হয়ে যাওয়ায় চিকিত্সার জন্য রোগীদের যেতে হচ্ছে অন্য কোন ক্লিনিক বা হাসপাতালে। ফলে ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে তাদের।
সদর উপজেলার রহিমানপুর এলাকার নাছির উদ্দিন, আমানুল হক নামের স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, আমাদের কমিউনিটি ক্লিনিকটি প্রায় সময় বন্ধ থাকে। জেলার ১৩৭টির মধ্যে বেশির ভাগ কমিউনিটি ক্লিনিকগুলো একেবারেই অচল। স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন ক্লিনিকের দায়িত্বে কমর্রত স্বাস্থ্য সেবদানকারী ব্যাক্তিদের স্বেচ্ছাচারিতায় কারণে গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থা একেবারে নাজুক।
ক্লিনিকগুলো বন্ধ থাকার কথা অস্বীকার করে সিভিল সার্জন আফজাল হোসেনন বলেন, কমিউনিটি ক্লিনিক এখন গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাতে বিশ্বের মডেল। সেটি নষ্ট হতে দেওয়া যাবে না। এই সুনাম ধরে রাখতে সবার সহযোগিতা দরকার। আর সেসব ক্লিনিকে অনিয়ম পাওয়া যাবে। অবশ্যই আইনী ব্যবস্থা নেওয়া হবে।