‘নাগরিকত্ব নিয়ে মরতে চাই’
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২৬ জুন ২০১৪, ২২:৫৭
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গোরপোতা ছিটমহলের তিনবিঘা করিডোর গেটে গতকাল বৃহস্পতিবার দু’দেশের ছিটমহলবাসীরা সমাবেশ করেন। এ সময় তারা ‘নাগরিকত্ব নিয়ে মরতে চাই’, ‘প্রটোকল মানি না, মুজিব-ইন্দিরা চুক্তির বাস্তবায়ন চাই’, ‘অনেক হয়েছে মিথ্যাচার, এবার চাই মানবাধিকার’ ইত্যাদি লেখা সংবলিত ব্যানার ও প্লেকার্ড বহন করেন।
কাঁটাতারের বেড়ার দু’দিকে দু’দেশের ছিটমহলবাসীরা দাঁড়িয়ে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজেদের দাবিতে একাত্মতা ঘোষণা করেন। সমাবেশে ছিটমহলবাসীরা নাগরিকত্বের দাবিতে সোচ্চার ছিলেন।
সমাবেশে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন কমিটির বাংলাদেশ অংশের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ছিটমহল বিনিময় কমিটির ভারতীয় অংশের আইন উপদেষ্টা আহসান হাবীব প্রমুখ বক্তব্য রাখেন।