সমালোচনায় বিদ্ধ ফেসবুক

ফেসবুকের প্রায় ৭ লক্ষ ব্যবহারকারীর অ্যাকাউন্টে তাদের অগোচরেই মানসিক পরীক্ষা চালানোর অভিযোগের প্রেক্ষিতে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে সামাজিক যোগাযোগের জনপ্রিয়তম এই ওয়েবসাইট। বিভিন্ন ধরনের আবেগের কারণে কোনো একজন ফেসবুক ব্যবহারকারীর পোস্টের ধরণ কীভাবে বদলায়, তা সম্পর্কে জানার জন্যই যুক্তরাষ্ট্রের দুইটি বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণা চালায় ফেসবুক। এই দুইটি বিশ্ববিদ্যালয় হলো কর্নেল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া অ্যাট সান ফ্রান্সিসকো। ব্যবহারকারীদের অগোচরেই ফেসবুক পরিচালিত এই গবেষণাকে অনৈতিক বলেই অভিহিত করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। এ ধরনের প্রবণতা ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য হুমকিস্বরূপ বলেই মন্তব্য তাদের। বিশেষ করে ফেসবুক নিজেই যখন এই ধরনের কাজের উদ্যোগ গ্রহণ করে, তা অনেক বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ফেসবুকের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে ব্যক্তিগত কোনো তথ্য তারা ব্যবহার করেনি।