তরুণরা সত্যিই হতাশ

দেশে তরুণের সংখ্যা জনসমষ্টির অর্ধেকের বেশি। বলা হয়ে থাকে যে, তারুণ্যই শক্তি। দেশের উন্নয়নের জন্য তরুণদের অংশগ্রহণ অত্যাবশক। এই তরুণরাই আগামী দিনে দেশের হাল ধরবে। আর সেই তরুণরা কিনা আজ হতাশাগ্রস্ত। দেশের প্রায় ২ কোটি তরুণ আজও বেকার। অবশ্য বেকার হওয়ার অনেক কারণ রয়েছে। কারণগুলোর মধ্যে অতি দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, মূলধনের অভাব, ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা, রাজনৈতিক অস্থিতিশীলতা, মূলধনের অভাব, কারিগরি জ্ঞানের অভাব, মাঝে মাঝে অধ্যাদেশ জারির মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ, অনুন্নত কৃষিব্যবস্থা, শিল্প-কলকারখানার অভাব প্রভৃতি প্রধান। এছাড়াও হতাশাগ্রস্ত তরুণ ও যুবকদের একটি অংশ মাদকাসক্ত। এই রকম পরিস্থিতিতে তরুণরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ফলে তরুণরা সমাজে চুরি, রাহাজানি, ছিনতাই, খুন-খারাবি, ইভটিজিং প্রভৃতি সামাজিক অপরাধে লিপ্ত হচ্ছে। এছাড়াও তারা নৈতিকতাবিরোধী নানা কাজে জড়িয়ে পড়ছে। তরুণদের সঠিক পথে ফিরে আসার এখনও সময় রয়েছে। তরুণদের সবসময় মনে রাখতে হবে যে, তরুণকাল জীবনের শ্রেষ্ঠ সময়। জীবনের শেষ্ঠ সময়কে ভালো কাজের জন্য ব্যয় করতে হবে। এতে নিজেদের উন্নতির পাশাপাশি দেশ ও জাতির উন্নতি হবে। দেশের অর্থনীতি আরো চাঙ্গা হবে। এজন্য সরকারকে সঠিক পদক্ষেপ নিয়ে তরুণদের সমস্যাগুলো সমাধান করতে হবে। তরুণরা যাতে সঠিক পথে ফিরে আসে সেজন্য সরকারের পাশাপাশি সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তা না হলে দেশের উন্নতি কখনোই সম্ভব নয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়