শিক্ষার্থীদের জন্য ইন্টেলের হাইব্রিড ডিভাইস
প্রকাশ : ০২ জুলাই ২০১৪, ২০:০১
ডেস্কটপ পিসি ছেড়ে প্রযুক্তিবিশ্ব এখন বহনযোগ্য সব ডিভাইসের দিকেই মনোযোগী হয়েছে। বহনযোগ্য সব ডিভাইসের মধ্যে আবার ল্যাপটপ দীর্ঘদিন রাজত্ব করলেও এখন ট্যাবলেট পিসি ল্যাপটপের বাজার অনেকটাই দখল করে নিয়েছে। উভয় ডিভাইসই ভিন্ন ভিন্ন প্রয়োজনীয়তায় নিজের মতো করে চাহিদা তৈরি করে নিতে সমর্থ হয়েছে ক্রেতাদের মধ্যে। এই দুই ডিভাইসের সমন্বয়ে হাইব্রিড ডিভাইসগুলোও দৃষ্টি আকর্ষণ করে থাকে ক্রেতাদের। শিক্ষার্থীদের জন্য এই ধরনের হাইব্রিড ডিভাইস যথেষ্টই কার্যকরী হতে পারে। সে কারণেই শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ কাম ট্যাবলেট পিসির সমন্বয়ে হাইব্রিড ডিভাইসের বিশেষ ডিজাইন ‘ইন্টেল এডুকেশন টু-ইন-ওয়ান’ অবমুক্ত করেছে টেক জায়ান্ট ইন্টেল। ইন্টেলের তথ্য অনুযায়ী ইন্টেল এডুকেশন টু-ইন-ওয়ানে ট্যাবলেট পিসির বহনযোগ্যতা ও নমনীয়তার সাথে সাথে থাকবে ল্যাপটপের উত্পাদনশীলতা এবং উচ্চ পারফর্ম্যান্স। এই ডিভাইসগুলোতে প্রসেসর হিসেবে থাকছে ইন্টেলের জেড৩৭৪০ডি মডেলের কোয়াড-কোর অ্যাটম প্রসেসর আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে উইন্ডোজ ৮.১। ল্যাপটপ হিসেবে এটি ৭.৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। আর কিবোর্ড ডকিং থেকে ডিসপ্লে ইউনিটকে আলাদা করে ট্যাবলেট হিসেবে ব্যবহার করলে বাড়তি আরও ৩ ঘণ্টার ব্যাকআপ পাওয়া যাবে। শিক্ষার্থীরা যেন সার্বক্ষণিকভাবে এটি ব্যবহার করতে পারে তার জন্য এতে বিশেষ কিছু সুবিধাও যুক্ত করা হয়েছে। ৭০ সেন্টিমিটার পর্যন্ত ওপর থেকে পড়লেও এর কোনো ক্ষতি হবে না। তাছাড়া এটি পানি এবং ধুলা থেকেও প্রতিরোধ করবে নিজেকে। দুইটি ক্যামেরা থাকায় এটি ল্যাপটপ এবং ট্যাবলেট পিসি—উভয় মোডেই দুই দিক থেকে ক্যামেরায় ছবি তোলার সুবিধা প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য নতুন এই রেফারেন্স মডেল অবমুক্তি প্রসঙ্গে ইন্টেল দক্ষিণ এশিয়ার মার্কেট ডেভেলপার ডিরেক্টর রাজিভ ভাল্লা বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সাথে কাজ করার প্রেক্ষিতে আমরা তাদের জন্য উপযোগী ডিভাইস ডিজাইনে মনোযোগী হয়েছি। ইন্টেল এডুকেশন একইসাথে ট্যাবলেট পিসি এবং ল্যাপটপ হিসেবে কাজ করতে পারে। ফলে শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী একেক পরিস্থিতিতে একেকভাবে একে ব্যবহার করতে পারবে। এতে তাদের কর্মদক্ষতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে বলে আমরা মনে করি।’ ইন্টেল আশা করছে এই ডিভাইসগুলো দ্রুত জনপ্রিয়তা অর্জন করবে শিক্ষার্থীদের মধ্যে। ইতোমধ্যেই এই রেফারেন্স ডিজাইন ব্যবহার করে ডিভাইস নির্মাণের জন্য বেশকিছু ডিভাইস নির্মাতাদের সাথেও কথা হয়েছে ইন্টেলের। চলতি বছরেই এগুলো বাজারে আসার সম্ভাবনা রয়েছে।