সংজা কিনে নিল গুগল
প্রকাশ : ০২ জুলাই ২০১৪, ২০:০১
ছোট-বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে কিনে নিতে জুড়ি নেই গুগলের। তারই ধারাবাহিকতায় এবারে তারা কিনে নিয়েছে সংজা নামের একটি মিউজিক স্টার্ট-আপ। এই স্টার্ট-আপের বিশেষত্ব হলো এটি শ্রোতার মানসিক অবস্থাকে শনাক্ত করে সেই অনুযায়ী প্লে-লিস্ট তৈরি করতে পারে। একে কিনে নেওয়ার খবরটি গুগল আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিলেও এর জন্য কী পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি গুগল কিংবা সংজা। গুগলের কাছে বিক্রি হয়ে যাওয়া প্রসঙ্গে এক বার্তায় সংজা জানিয়েছে, ‘আমাদের সেবাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে এর চেয়ে ভালো আর কোনো কোম্পানির সাথে আমরা যুক্ত হতে পারতাম না। এর ফলে গ্রাহকরা সম্পূর্ণ সন্তোষজনক সেবা পাবেন।’ আইটিউনস এবং স্পটিফাইয়ের মতো সব মিউজিক স্ট্রিমিং সার্ভিসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গুগল প্লে স্ট্রিমিং সার্ভিসকে আরও গতিশীল এবং আকর্ষণীয় করে তুলতেই গুগল সংজা কিনে নিয়েছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। তাছাড়া ইউটিউবের জন্যও সংজার প্রযুক্তি গুগলের জন্য আশির্বাদ হয়েই আসবে বলেও মন্তব্য প্রযুক্তি বিশ্লেষকদের।