ভিডিও অ্যাডে মনোযোগী ফেসবুক
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২০:১৩
অনলাইনে নিজেদের ভিডিও উপস্থিতি আরও বেশি শক্তিশালী করে তুলতে এবারে ডিডিও বিজ্ঞাপন নিয়ে কাজ করা একটি স্টার্ট-আপ কোম্পানিকে কিনে নিয়েছে সামাজিক যোগাযোগের জনপ্রিয়তম ওয়েবসাইট ফেসবুক। ‘লাইভরেইল’ নামের এই স্টার্ট-আপ কোম্পানি বিভিন্ন ভিডিওতে সংশ্লিষ্ট বিজ্ঞাপন প্রদানে সহায়তা করে থাকে। অনলাইন ভিডিওতে বিজ্ঞাপন প্রদানের জন্য রিয়েলটাইমে নিলামের একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে থাকে লাইভরেইল। আনুষ্ঠানিকভাবে ফেসবুক এবং লাইভরেইল উভয়েই এই খবর স্বীকার করে নিলেও কত টাকার লেনদেন হয়েছে উভয় প্রতিষ্ঠানের মধ্যে, তার তথ্য কেউ জানায়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ধারণা করা হয়েছে লাইভরেইলকে কিনে নিতে ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ডলার খরচ করতে হয়েছে ফেসবুককে। এক বার্তায় ফেসবুকের বিজ্ঞাপন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান বোল্যান্ড জানান, অনলাইনে ভিডিও দেখার সময় সংশ্লিষ্ট বিজ্ঞাপন দর্শকদের আগ্রহী করে তুলতে পারে। সে কারণেই লাইভরেইলকে কিনে নিয়েছে ফেসবুক।