রবীন্দ্র সংগীত ও সত্যজিতে অবসর কাটে
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২০:২১
যতীন সরকার। প্রখ্যাত এই প্রাবন্ধিক ও গবেষক নিজের শিক্ষকতার পাশাপাশি লেখালেখি নিয়ে পেয়েছেন স্বাধীনতা পদক, বাংলা একাডেমী পুরস্কারসহ একাধিক সম্মাননা। ভিন্ন চোখে নিজর একান্ত সময় নিয়ে কথা বলেছেন।
আপনার বই সঙ্গী কে থাকে ?
বই তো অনেকেই থাকে। তবে বারবার আমার সান্নিধ্যে থাকে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের ‘গোরা বারবার পড়ি। শুধু পড়াশোনায় নয়। সারাদিনের অবসরে গান শোনার ক্ষেত্রেও আমার সঙ্গী ঐ রবীন্দ্রনাথ।
ভালোলাগার লেখক
এই প্রশ্নে আমি বিপদে পড়ি বারবার। অনেকেই তো রয়েছে। বিশেষভাবে বলা মুশকিল। মার্কসবাদী লেখক হিসেবে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এবং সাহিত্যিক হিসেবে কাজী নজরুল ইসলাম আমাকে বরাবর মুগ্ধ করে।
বারবার দেখা চলচ্চিত্র
ঋত্ত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ ও সত্যজিত্ রায়ের ‘পথের পাঁচালী’। এছাড়া ‘ব্যালাড অব সোলজার’, ‘ক্রেইনস আর ফ্লাইং’সহ বেশ কিছু রাশিয়ান ছবি আমার প্রিয় তালিকায় রয়েছে।
প্রিয় ভ্রমণস্থল
অনেক জায়গায় ঘুরেছি। ভারত, লন্ডন, বার্লিনসহ অনেক দেশে। তবে বারবার যাবার সুযোগ থাকলে যেতে চাইবো চেকোশ্লভাকিয়ায়। এত সুন্দর প্রাকৃতিক ঐশ্বর্য সে দেশে। চোখ জুড়িয়ে যায়। এছাড়া মানুষগুলো খুব অতিথিপরায়ণ। আমার মনে আছে প্রথম অল্প ক’দিনের জন্য থাকার প্রস্তুতি থাকলেও সময় বাড়িয়ে আমি থেকে যাই বেশ কিছুদিন।
প্রিয় গান
অবশ্যই রবীন্দ্রনাথ। ‘শেষ নাহি গো শেষ কথা বলে যাও’—এই গানটি বারবার শুনি। এছাড়া ভীষণ টানে লালনগীতি।