কুমিল্লায় বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের সাথে বিজিবির ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার বৌয়ারা বাজার সংলগ্ন মান্দারী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সোনাওগাঁও উপজেলার যশর পুর গ্রামের ওয়ালি উল্লার ছেলে বকুল মিয়া (৪৩) এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রসুলপুর গ্রামের আবদুল মোনাফের ছেলে আবদুল করিম (৩৭)।

আরও পড়ুন: ‘সৌজন্য রক্ষা করব’, মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন মমতা

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে কুমিল্লা ১০ বিজিবির একটি বিশেষ টহলদল জেলার সদর দক্ষিণ উপজেলাধীন বৌয়ারা বাজার সংলগ্ন মান্দারী কবরস্থান  এলাকায় অবস্থান নেয়। রাত পৌনে ১০টার দিকে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে।  এ সময় বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।

১০ বিজিবির সহকারি পরিচালক মো. মাছেদুল ইসলাম খাঁন জানান, গুলিবিদ্ধ দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩ হাজার ৭৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম