এক্সপির জন্য বন্ধ হলো জাভা সমর্থন
প্রকাশ : ০৫ জুলাই ২০১৪, ১৯:৫৭
মাইক্রোসফট নিজেই তাদের উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের জন্য সব ধরনের সেবা বন্ধ করে দিয়েছে। ধীরে ধীরে এক্সপির জন্য অন্যান্য সব সেবাও বন্ধ হয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় ওরাকল নিরবেই বন্ধ করে দিয়েছে উইন্ডোজ এক্সপির জন্য জাভা সমর্থন। এতে করে আগামী ১৫ জুলাই জাভার নতুন যে আপডেট আসবে, তাতে থাকবে না উইন্ডোজ এক্সপির জন্য কোনো সেবা। ওরাকলের ওয়েবসাইটের প্রশ্নোত্তর অংশে বলা হয়েছে, মাইক্রোসফট এক্সপির সমর্থন বন্ধ করে দেওয়ায় তারাও এই সমর্থন বন্ধ করে দিচ্ছে। তবে উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা সব ঝুঁকি স্বীকার করে নিয়ে জাভা ৭ ব্যবহার করতে পারেন। আর জাভার নতুন সংস্করণ জাভা ৮-এ থাকবে না এক্সপির জন্য সমর্থন। ফলে উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীদের জন্য আর নিশ্চিন্তে জাভা ব্যবহারের কোনো সুযোগ থাকছে না। তাই ওরাকল নিজেও এক্সপি ব্যবহারকারীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে উইন্ডোজ ৭ বা ৮-এ আপগ্রেড করে নেওয়ার।