অ্যামাজনকে ঠেকাতে গুগলের ৫০০ মিলিয়ন বিনিয়োগ
প্রকাশ : ০৮ জুলাই ২০১৪, ১৯:৩২
অনলাইন মার্কেটপ্লেস হিসেবে বিশ্বব্যাপী অ্যামাজনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। কিন্তু অ্যামাজনের সাথে প্রতিদ্বন্দ্বিতায় এবারে মাঠে নামছে গুগল। গুগল শপিং এক্সপ্রেস নামের অনলাইন মার্কেটপ্লেস সার্ভিস দিয়ে অ্যামাজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে তারা। এই সার্ভিসে গুগল অনলাইন অর্ডারের ২৪ ঘণ্টার মধ্যেই পণ্য সরবরাহ করবে। অ্যামাজনফ্রেশ ডেলিভারি সার্ভিসের সমধর্মী সার্ভিস হিসেবেই কাজ করবে গুগল শপিং এক্সপ্রেস। প্রযুক্তি বাজারের প্রতিটি ক্ষেত্রেই নিজেদের উপস্থিতি জাহির করার জন্য সাম্প্রতিক সময়ে উঠেপড়ে লেগেছে গুগল। ইতোমধ্যেই হার্ডওয়্যারের বাজারেও শক্তিশালী অবস্থান তৈরি করতে সমর্থ হয়েছে তারা। অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও সেটা বজায় রাখতেই গুগল শপিং এক্সপ্রেস চালু করছে গুগল। যুক্তরাষ্ট্র থেকে শুরু হচ্ছে এই সেবা।