মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, ‘এই রাষ্ট্র ধনীদের, গরিবের নয়। ধনীদের অধিকার রক্ষা করে, গরিবের নয়।’ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মিজানুর রহমান বলেন, ‘আজ দেখলাম রিকশা উল্টো পথে চলায় তা উল্টে দেওয়া হয়েছে। আবার একই সড়কে ভিআইপিরা উল্টো পথে সাইরেন বাজিয়ে চলেছে, তাদের গাড়ি উল্টে দিতে পারেনি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে যানজটের অভিজ্ঞতা নেওয়ার পরামর্শ দিয়ে মানবাধিকার কমিশনের সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘আমি তাকে বলব, আপনি সাধারণ মানুষের কাতারে নেমে আসুন। দুই-তিন ঘণ্টা যানজটে বসে থাকুন।’
আরো পড়ুন: মুক্তিপণ দিলে মেলে গরু, না দিলে মাংস বিক্রি
এবার রোজায় প্রচণ্ড গরমের মধ্যে যানজটের দুর্ভোগে পড়ে অস্থির মানুষ। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেছেন, উন্নয়নের খাতিরে যানজট হাসিমুখে মেনে নিন।
উপাচার্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মিজানুর বলেন, ‘তিনি বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে, এজন্য এই দুর্ভোগ হাসিমুখে মেনে নিতে। আমি বলি, আপনি দুর্ভোগ পোহাবেন না, জনগণকে হাসিমুখে দুর্ভোগ মেনে নেওয়ার আহ্বান জানাবেন? দেশের মানুষ তা মেনে নেবে, এতটা বোকা নয়।’
ইত্তেফাক/জেডএইচ