‘সংঘাতমুক্ত দেশ গড়তে পরস্পরের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে হবে’

বাংলাদেশকে সংঘাত-সন্ত্রাসমুক্ত সম্প্রীতি ও বন্ধুত্বের দেশ গড়তে পরস্পরের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করে বাংলাদেশ বন্ধু সমাজ এর সভাপতি এফ. আহমেদ খান রাজীব। বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার জহুর হোসেন চৌধুরী কনফারেন্স লাউঞ্জে 'বাংলাদেশ বন্ধু সমাজ' আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'চলমান সময়ে যুগের প্রয়োজনে সংঘাত ও সন্ত্রাসমুক্ত পৃথিবীর সূচনায় বাংলাদেশকে পৃথিবীবাসীর জন্য সম্প্রীতি ও বন্ধুত্বের দেশের মডেল সৃষ্টি করতে হবে। আর এ জন্য সামাজিক পরিবেশ উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং সমাজের বিপথগামীদের বন্ধুত্ব ও ভালোবাসা দিয়ে মন্দ কাজে নিষেধ করে, ভালো কাজে উৎসাহিত করে সু-পথে ফিরিয়ে আনতে হবে। তাহলেই সকল পক্ষ-বিপক্ষের মত-পার্থক্যে বিরোধ নিস্পত্তিতে সর্বসাধারণের স্বপক্ষে সঠিক ক্ষেত্রে সমর্থনের মাধ্যমে সম্মানিত দেশবাসীর সেতুবন্ধন হবে এবং পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন করা যাবে।' 


তিনি আরও বলেন, 'সর্বোত্তম পদ্ধতিতে বন্ধুত্বের বলয়ে আবদ্ধ করে সুপথের আহ্বানে দেশব্যাপী বন্ধুত্ব স্থাপন করে শান্তি ও সত্য প্রতিষ্ঠা করাই 'বাংলাদেশ বন্ধু সমাজ'র মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এ লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্প্রীতি ও বন্ধুত্বের পৃথিবী গড়ার সূচনায় বাংলাদেশকে সম্প্রীতি ও বন্ধুত্বের দেশের মডেল সৃষ্টিতে ২০১২ সাল হতে আজ অবধি ব্যক্তিক দায়বোধ থেকে কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে উদ্ভাবক, পরিকল্পনাকারী ও প্রস্তাবক হয়ে সংগঠন পরিপূর্ণতায় সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। '

এর আগে সংগঠনটি বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে সংঘাত ও সন্ত্রাসমুক্ত সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি ও বন্ধুত্বের পরিবেশ গঠনের সহযোগিতায় বাংলাদেশ বন্ধু সমাজকে সহযাত্রী সেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে দায়িত্ব পালনে সাংবিধানিক বৈধতাসহ জাতীয়ভাবে স্বীকৃতি প্রদান অথবা জাতীয়করণের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে জাতীয় আবেদন জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন,সাবেক জেলা প্রশাসক ড. বাতেন, বাংলাদেশ কাস্টমস্’র সাবেক সহকারী কমিশনার এম আর খান, এডভোকেট সুলতান আহমেদ খান, সিনিয়র সাংবাদিক ও কলমযোদ্ধা লিয়াকত আলী খান, দৈনিক বঙ্গ জননীর সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জিয়া, মো. হাবিবুর রহমান, খন্দকার বেলাল হোসেন টিপু, মো. রফিকুল ইসলাম মাসুম, সাংবাদিক নেতা ডি এম আমিরুল ইসলাম অমর প্রমুখ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন মঞ্জুর হোসেন ঈসা। 

ইত্তেফাক/জেডএইচডি