প্র জ ন্মে র ফে স বু ক

বিউটিফুল ইউ বাই সিলভিয়া

শুরুটা হঠাত্ শখ থেকে। নিজের জন্য সবসময় নিজে ডিজাইন করে পোশাক বানাতেন যা পরিবারের সবার ও বন্ধুমহলের প্রশংসা কুড়াত। তবে কখনও ভাবেননি যে একদিন নিজের একটি অনলাইন বুটিক থাকবে। ২০১৩ সালে যখন তার অ্যাকাডেমিক পড়াশোনা শেষ হলো তখন বড় একটি ছুটি পেলেন। ভাবলেন সময়টাকে কাজে লাগাবেন। হুট করে ভাবা, কিছু ডিজাইন করা ও এক-দেড় মাসের মাঝে কিছু ডিজাইন ফাইনাল করে ফেলা। পেইজের নাম নিয়ে দ্বিধায় ছিলেন তবে পরে হঠাত্ মনে হলো, প্রত্যেকটা মানুষ নিজের মাঝে সুন্দর ও শ্রেষ্ঠ এবং সেই উপলব্ধি থেকে ‘বিউটিফুল ইউ’ নামের সৃষ্টি। জানালেন পেইজ ও বুটিকটির মালিক সিলভিয়া সানজানা। নিজের করা ডিজাইনগুলো পেইজে দেওয়ার পর গ্রাহকদের আগ্রহ দেখে নিজে অবাক হন। তার স্কুল-কলেজ ছিল ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, পড়ালেখা করেছেন বিজ্ঞান বিভাগে কিন্তু বিতর্ক করা থেকে আগ্রহ সৃষ্টি হয় আইনের প্রতি। তার অনলাইন পেইজে তিনি শুধুমাত্র তার নিজের ডিজাইন করা মেয়েদের সময়োপযোগী পোশাক বিক্রি করেন। সিলভিয়ার ব্যস্ততা একেক সময় একেক রকম থাকে। যেকোনো উত্সব যেমন ঈদ, পূজায় তার ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায়। এরই জন্য এক বছরেরও কম সময়ের মাঝে তার ফেসবুক পেইজের লাইকের সংখ্যা ১২ হাজারেরও অধিক। এজন্য আজ এত কম সময়ে বিউটিফুল ইউ-এর নিজস্ব পরিচয় সৃষ্টি করতে পেরেছেন।