দিলীপ কুমারের ভিটেকে ঐতিহ্যবাহী ভবন ঘোষণা করবে পাকিস্তান
প্রকাশ : ১৪ জুলাই ২০১৪, ২০:৪৪
দিলীপ কুমারের পৈতৃক ভিটেকে ঐতিহ্যবাহী ভবন হিসাবে ঘোষণা করতে যাচ্ছে পাকিস্তান। মূলত পাক-ভারত সম্পর্কের ক্ষেত্রে নতুন আস্থা বর্ধনে এ পদক্ষেপ নিতে সক্রিয় হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ভারতে পাকিস্তান দূতাবাস জানায়, পেশোয়ারে দিলীপ কুমারের ওই বাড়িটিকে জাতীয় ঐতিহ্যবাহী ভবন হিসাবে ঘোষণা করবে পাকিস্তান। -আনন্দবাজার পত্রিকা।
সূত্র জানায়, মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের সময়েই দু’দেশের মধ্যে আলোচনা হয়, সাংস্কৃতিক ঐক্য বাড়িয়ে দৃষ্টান্ত গড়া হবে। তার প্রথম পদক্ষেপটি করলেন নওয়াজ। দিলীপ কুমারের জনপ্রিয়তা এখনও পাকিস্তানে যথেষ্ট প্রবল। উর্দু ডাবিংয়ে তার অভিনীত অনেক ছবিই লাহোর ও ইসলামাবাদের বাজারে রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী সেদেশের তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছেন, দিলীপ কুমারের বাড়িটিকে অধিগ্রহণ করে সেটিকে জাতীয় সংগ্রহশালায় পরিণত করার জন্য। পাকিস্তান দূতাবাসের মুখপাত্র মনজুর আলি মেমন জানিয়েছেন, ভারতের মতোই দিলীপ কুমারের প্রতি শ্রদ্ধাশীল পাকিস্তান। গতমাসে মুম্বাই সফরকালে হাইকমিশনার আব্দুল বশিত দিলীপ কুমারের সঙ্গে দেখাও করেছেন। বশিতের বক্তব্য, পাক প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তই প্রমাণ করে দ্বিপাক্ষিক শিল্প ও সংস্কৃতির প্রতি অগ্রাধিকার দেয়া হচ্ছে। তার মতে, দিলীপ কুমার একজন কিংবদন্তী। এই উপমহাদেশের ছায়াছবির দুনিয়ায় তার অবদান তুলনাহীন। উল্লেখ্য, ১৯২২ সালের ১১ ডিসেম্বর পেশোয়ারের খাওয়ানি বাজার এলাকায় জন্মগ্রহণ করেন দিলীপকুমার।